টেকসই কৃষি উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান গবেষণার বিকল্প নেই
সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিশিষ্ট বিজ্ঞানীদের সম্মাননা দেয়া হয় : নয়া দিগন্ত।

 গাজীপুর মহানগর প্রতিনিধি

Advertisement

টেকসই কৃষি উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক এবং বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) সভাপতি ড. আবদুল বাছেত মিয়া। তিনি বলেন, গবেষণাগারের জ্ঞানকে কৃষকের মাঠের বাস্তবতার সাথে যুক্ত করতে পারলেই গবেষণার প্রকৃত সুফল মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
গাকৃবি জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসপিএসটি ও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ‘টেকসই কৃষির জন্য প্লান্ট সায়েন্স ও প্রযুক্তি : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’।
ড. আবদুল বাছেত মিয়া বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভিদবিজ্ঞানের গবেষণা ও প্রযুক্তিকে সময়ের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এ জন্য বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন। গবেষণার অর্জন তখনই সার্থক হবে, যখন তা কৃষকের উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখবে। সম্মেলনে বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ৩৫০ জন গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও পেশাজীবী অংশ নিয়েছেন। ২০টি কারিগরি অধিবেশনে মোট ২৬৫টি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে মৌখিক ও পোস্টার উপস্থাপনার পাশাপাশি আমন্ত্রিত বক্তাদের বক্তব্য এবং ভার্চুয়াল উপস্থাপনার মাধ্যমে গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: শফি উল্লাহ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক আমির হামজা গাজালী। তিনি উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি এবং টেকসই কৃষি উন্নয়নে গবেষণার সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শফিক শহীদ একটি কারিগরি অধিবেশনে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে উদ্ভিদবিজ্ঞান ও কৃষি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট বিজ্ঞানীকে সম্মাননা ও পুরস্কার দেয়া হয়।