
বাল্টিক সাগরের পূর্বাঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে আঘাত লাগে এবং এতে আগুন ধরে যায়। এদিকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনের ওপর হামলাকারী রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আঘাত হানার অধিকার কিয়েভের রয়েছে।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর রাশিয়ার একটি হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়ে দু’টি ঘটনার মধ্যে সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দিয়েছেন।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো মনে করেন, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের প্রভাব এখন আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, ‘যুদ্ধ এখন আমাদের একেবারে কাছের এলাকায় ছড়িয়ে পড়ছে। আগ্রাসীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা পেত্তেরি ব্লমভাল এএফপিকে বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, শনিবার (২১ নভেম্বর) সকালে ইউক্রেনের ড্রোন হামলায় জাহাজটি আঘাতপ্রাপ্ত হয় এবং এতে আগুন ধরে যায়।’
তিনি আরো বলেন, ‘জাহাজের নাবিকদের সরিয়ে নেয়া হয়েছে। জাহাজটি নোঙর করা অবস্থায় রয়েছে এবং আগুন নেভানোর কাজ চলছে।’
রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। এ পরিস্থিতিতে দেশটির সামরিক বাহিনী যুদ্ধের সম্মুখসারির অনেক দূরে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা জোরদার করেছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার সকালে দেশটির প্রতিরক্ষা বাহিনী ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে সুয়ারসারি দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক পানিসীমায় রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা শনাক্ত করে।
মন্ত্রণালয় জাহাজটির নাম জানিয়েছে স্পার্টা-২। ওপেনস্যাংশনস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
ওয়েবসাইটটির দাবি, জাহাজটি সিরিয়া থেকে রাশিয়ায় অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে।
হামলার পর ঘটনাস্থলে পৌঁছে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী দেখতে পায়, জাহাজটিতে আগুন জ্বলছে। জাহাজটি ফিনল্যান্ডের পানিসীমার দিকে এগিয়ে যাচ্ছে।
নিরাপত্তার স্বার্থে জাহাজটির চারপাশে একটি নির্দিষ্ট এলাকা চলাচলের জন্য সীমিত করা হয়েছে বলে জানিয়েছে বাহিনী। সীমান্তরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘উদ্ধার অভিযানের পরিকল্পনা হলো, বিকল হয়ে পড়া জাহাজটিকে টেনে রাশিয়ার দায়িত্বাধীন পানিসীমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা।’
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলার খবর পাওয়ার পরপরই ন্যাটোকে বিষয়টি জানানো হয়েছে।
এছাড়া ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলের আকাশসীমা ও সমুদ্র এলাকায় সাময়িক চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ড্রোন হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন বলেন, রাশিয়ার একটি হেলিকপ্টার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেন, ‘আকাশসীমা লঙ্ঘনের সন্দেহজনক ঘটনাটি ফিনল্যান্ড উপসাগরে ক্ষতিগ্রস্ত পণ্যবাহী জাহাজটিকে ঘিরে উদ্ধার অভিযান অথবা নজরদারি কার্যক্রমের সাথে সম্পর্কিত হতে পারে।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









