বিজিবি
রংমহল বিওপি। নয়া দিগন্ত
ads

মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজা ও এক হাজার পিস ভারতীয় অবৈধ ওষুধের ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য তিন লাখ তিন হাজার ৫০০ টাকা।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে  উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় এক কেজি ভারতীয় গাঁজা, ৫০০ পিস ডেক্সামেথাসন ও ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য তিন লাখ তিন হাজার ৫০০ টাকা।

উল্লেখ্য, ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপ্টাডিন মূলত চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ডেক্সামেথাসন স্টেরয়েডজাতীয় ওষুধ, যা প্রদাহসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অন্যদিকে সাইপ্রোহেপ্টাডিন অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিহিস্টামিন ওষুধ। সাইপ্রোহেপ্টাডিন ক্ষুধা বাড়ানোর জন্যও ব্যবহৃত হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ সেবনে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে দীর্ঘদিন অনিয়ন্ত্রিতভাবে স্টেরয়েড সেবনে উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা বৃদ্ধি ও রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এর আগেও মেহেরপুরের গাংনী সীমান্তে এসব ওষুধের একাধিক চালান উদ্ধার করেছে বিজিবি। গত ১৮ অক্টোবর কাজিপুর বর্ডারপাড়া মাঠ থেকে ৮৮০ পিস ডেক্সামেথাসন ও এক হাজার ১৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর কাজিপুর সীমান্তের শেওড়াতলা মাঠ থেকে ৭৫০ পিস ডেক্সামেথাসন ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছিল বিজিবি। এসব ঘটনায় সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধের অবৈধ চালান প্রবেশের বিষয়টি সামনে এসেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।