
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনের সহ-আয়োজক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক পরিমণ্ডলে প্রাতিষ্ঠানিক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে মালয়েশিয়ায় অবস্থিত INTI International University-তে অনুষ্ঠিত ASEAN Social Business Conference (ASBC ২০২৬)-এর সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণ করছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB) ২৯ অক্টোবর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলন ‘Advancing Social Business for Sustainable and Inclusive Impact’ (টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রভাব সৃষ্টিতে সোশ্যাল বিজনেসকে এগিয়ে নেয়া) প্রতিপাদ্যকে সামনে রেখে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
এই সম্মেলনে বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, শিল্প বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে সামাজিক ব্যবসার উদ্ভাবনী মডেল, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, গবেষণা ও জ্ঞান বিনিময় এবং সমসাময়িক আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন INTI International University-এর প্রো-ভিসি প্রফেসর Ts. Dr. Wong Ling Shing। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন ASBC ২০২৬-এর কনফারেন্স চেয়ার ড. সরফরাজ আলী খান। তাদের বক্তব্যে আন্তর্জাতিক সহযোগিতা, আন্তঃবিষয়ক গবেষণা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
সম্মেলনের সহ-আয়োজক হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারের প্রতিফলন। এই অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিজস্ব পরিচিতি ও ভাবমর্যাদা আরো সুদৃঢ় করার পাশাপাশি বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, জ্ঞান আদান-প্রদান এবং ভবিষ্যৎ অ্যাকাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের সুযোগ পাচ্ছে।
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ও সহ-আয়োজকের ভূমিকা পালন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক অ্যাকাডেমিক নেটওয়ার্কে নিজের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষার সক্ষমতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার সুযোগ পাচ্ছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








