আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাফিক সরকার ঠাকুরগাঁও 

Advertisement

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এই উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। গত ৮ আগস্ট বেলা ২টা থেকে শুরু হওয়া প্রচার-প্রচারণা গত ২৭ আগস্ট সকাল ৮টায় শেষ হয়। প্রার্থীরা এখন পোলিং এজেন্ট নিয়োগসহ শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন, ১১ দল মনোনীত জামায়াতের দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে নানা সমীকরণ ও হিসাব-নিকাশ চলছে। প্রার্থীরা জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা, নিরাপত্তা ও উন্নয়নের রোল মডেল হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন।
তিন উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার দুই লাখ ৫৮ হাজার ৬৫৮ জন এবং হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় দুই হাজার ২২২ জন পুলিশ সদস্য, দুই হাজার ৪০৫ জন আনসার সদস্য, ৪২০ জন বিজিবি, ১৫১ জন এসআরবি সদস্য এবং আটটি ডগ স্কোয়াড নিয়োজিত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণে ১৫টি ড্রোন ব্যবহার করা হবে এবং প্রতিটি উপজেলায় দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন। তিনি জানান, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বাত্মক প্রস্তুত রয়েছেন। আইনশৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো: সুরুজ জানান, গত ২৫ আগস্ট রাত থেকে মাঠে দায়িত্ব পালন শুরু করেছে বিজিবি এবং আগামী ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত তারা মাঠে থাকবে। নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি সদস্যের পাশাপাশি ডগ স্কোয়াড ও ড্রোন মোতায়েন করা হয়েছে।