
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের আইনি প্রতিরক্ষাকে নতুন করে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। রায়ে গণহত্যা প্রমাণের মানদণ্ড যেভাবে বিস্তৃত করা হয়েছে, তাতে গাজায় ইসরাইলি বাহিনীর ব্যাপক ধ্বংসযজ্ঞ, বেসামরিক মানুষের ওপর হামলা, হতাহতের সংখ্যা এবং ইসরাইলি কর্মকর্তাদের উসকানিমূলক বক্তব্য দেশটির বিরুদ্ধে আইনি যুক্তি হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। রায়ের কিছু পর্যবেক্ষণ ইসরাইলের পক্ষে গেলেও সামগ্রিকভাবে দেশটির জন্য উদ্বেগের কারণ তৈরি হয়েছে।
ইসরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিশ্লেষণে বলেছে, মিয়ানমার মামলার রায় গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের পথ আরো কঠিন করে তুলতে পারে। তবে রায়ের পূর্ণ প্রভাব এখনই নির্ধারণ করা সম্ভব নয়।
২০২৩ সালের শেষ দিকে গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। গত মার্চে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে প্রায় এক হাজার পৃষ্ঠার জবাবের সাথে চার হাজার পৃষ্ঠার তথ্যপ্রমাণ জমা দেয়। এর জবাব দিতে দক্ষিণ আফ্রিকা সময় বাড়ানোর আবেদন করলে আদালত দেশটিকে ২০২৭ সালের ২২ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। ইসরাইলকে জবাব দিতে হবে ২০২৯ সালের ২২ মে। ফলে ২০২৯ সালের শেষ ভাগ, এমনকি ২০৩০ সালের আগে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কম।
তবে মিয়ানমার মামলার রায় ইসরাইলের জন্য তাৎক্ষণিক আইনি উদ্বেগ তৈরি করেছে। এত দিন গণহত্যা বিশ্লেষণে পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়টি বিশেষ গুরুত্ব পেলেও এবার আইসিজে শারীরিক ও মানসিক ক্ষতিসহ গণহত্যা সনদের অন্যান্য ধারাও বিস্তারিতভাবে বিবেচনা করেছে। মিয়ানমারে আট লাখ ১৫ হাজার রোহিঙ্গার মধ্যে ১০ হাজার মানুষ হত্যা, অর্থাৎ মোট জনগোষ্ঠীর মাত্র ১ দশমিক ২ শতাংশকে হত্যা করাও গণহত্যা প্রমাণের জন্য যথেষ্ট বলে বিবেচিত হয়েছে। ব্যাপকভাবে বসতবাড়ি ধ্বংসকেও গণহত্যার প্রমাণ হিসেবে বিবেচনার সুযোগ রেখেছে আদালত।
আরো গুরুত্বপূর্ণ হলো, হামলার শিকার জনগোষ্ঠীর কোনো অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও পাল্টা সামরিক অভিযান গণহত্যার শামিল হতে পারে। উসকানিমূলক বক্তব্য, অন্যদের অপরাধ ঠেকাতে রাষ্ট্রের ব্যর্থতা এবং হত্যাকাণ্ডের সামগ্রিক প্রেক্ষাপটও গণহত্যার মতলব নির্ধারণে বিবেচনায় আসতে পারে। অর্থাৎ কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়েও গণহত্যার উদ্দেশ্য খুঁজে দেখতে পারে আদালত।
গাজায় ইসরাইলের ব্যাপক ধ্বংসযজ্ঞ, বিপুলসংখ্যক ফিলিস্তিনি হত্যা এবং যুদ্ধের শুরুতে কয়েকজন ইসরাইলি কর্মকর্তার উসকানিমূলক বক্তব্যের কারণে এসব পর্যবেক্ষণ বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজায় ইসরাইলি বসতি পুনঃস্থাপনের পক্ষে কথা বলেছেন। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের বক্তব্যও আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার বক্তব্য এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখলের ঘটনাও মামলার আলোচনায় আসতে পারে।
অবশ্য রায়ে ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের কিছু সুযোগও রয়েছে। আদালত বলেছে, অবহেলা বা গুরুতর অবহেলা একা গণহত্যা প্রমাণ করে না। গণহত্যার অভিপ্রায়ই প্রমাণের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হতে হবে। মিয়ানমারের বিরুদ্ধে জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জন্ম প্রতিরোধের অভিযোগও গণহত্যার প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে, যেগুলোর ক্ষেত্রে গাজার পরিস্থিতি আলাদা বলে দাবি করছে ইসরাইল। একইভাবে, বেসামরিক মানুষকে সরিয়ে নিতে লিফলেট বিতরণ, ফোনকল ও বার্তা পাঠানোর বিষয়গুলোকে নিজেদের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরতে পারে দেশটি।
কিন্তু এসব যুক্তি ইসরাইলকে পুরোপুরি স্বস্তি দিচ্ছে না। বিশেষ করে গাজায় ধ্বংসযজ্ঞের ব্যাপকতা, নিহত ফিলিস্তিনিদের বিপুল সংখ্যা এবং ইসরাইলি কর্মকর্তাদের বক্তব্যের ব্যাখ্যা দেশটিকে আদালতে দিতে হবে। যুদ্ধের শুরুতে দেয়া উসকানিমূলক বক্তব্য, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের পেছনে কী উদ্দেশ্য কাজ করেছে, সেসব প্রশ্নও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে গাজায় সংঘটিত বিভিন্ন কর্মকাণ্ডকে বিচ্ছিন্ন সামরিক ঘটনা হিসেবে দেখানোর ইসরাইলি যুক্তি আদালত কতটা গ্রহণ করবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
জেরুজালেম পোস্টের বিশ্লেষণেও শেষ পর্যন্ত স্বীকার করা হয়েছে, রোহিঙ্গা মামলার রায় গণহত্যার অভিযোগ মোকাবিলায় ইসরাইলের আইনি প্রতিরক্ষাকে আগের চেয়ে কঠিন করে তুলেছে। অর্থাৎ, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার বিচার করতে গিয়ে আইসিজে যে আইনি মানদণ্ড সামনে এনেছে, গাজার ক্ষেত্রে সেগুলোই ইসরাইলের বিরুদ্ধে বড় প্রশ্ন হয়ে দেখা দিতে পারে। যে আইনি লড়াইয়ে ইসরাইল এত দিন নিজেদের অবস্থান রক্ষার চেষ্টা করেছে, সেই লড়াইয়ে এখন নতুন করে হিসাব মেলাতে হবে দেশটিকে। শেষ পর্যন্ত রোহিঙ্গা গণহত্যার রায়ই হয়তো গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের ধরা খাওয়ার পথ করে দিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








