খুলনায় জামায়াতের দুই নেতার বাড়িতে হামলা আহত ১
খুলনার দিঘলিয়ায় জামায়াতে ইসলামী নেতার বাড়ি ভাঙচুর করা হয় : নয়া দিগন্ত।

খুলনা ব্যুরো

Advertisement

খুলনার দিঘলিয়ায় জামায়াত ইসলামীর স্থানীয় নেতা ও ইউপি সদস্য আজিজুর রহমান এবং দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাসনিম হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান (৪৬) নামে একজন আহত হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার পানিগাতী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদ এবং হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত জামায়াত নেতাদের পক্ষ থেকেগতকাল  মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, সোমবার বেলা আনুমানিক দেড়টার দিকে একদল লোক প্রথমে উপজেলার পানিগাতী গ্রামে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাসনিম হাসানের বাড়ি এবং পরবর্তীতে একই গ্রামের জামায়াতে নেতা ও স্থানীয় ইউপি সদস্য মো: আজিজুর রহমানের বাড়িতে আচমকা হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা আজিজুর রহমানের বড় ছেলে ও স্থানীয় ওয়ার্ড জামায়াতের আহসানুল হক হিরোকে ধাওয়া করে এবং তাসনিম হাসান টুটুলের বড় ভাই মেহেদি হাসানকে পিটিয়ে আহত করে। হামলাকারীরা বাড়ির নারী ও শিশুদেরও গালিগালাজ করে ও ভয়ভীতি প্রদর্শন করে। সন্ত্রাসী হামলা, ভাংচুর ও মারধরের প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য আজিজুর রহমানের বড় ছেলে মো: আহসানুল হক হিরো অভিযোগ করেন, গত ২৬ অক্টোবর দুপুরে দিঘলিয়ার চিহ্নিত সন্ত্রাসী এম সাইফুর রহমান মিন্টু ওরফে মিন্টু মোল্লার নেতৃত্বে দেশীয় ও আগ্নেয়াস্ত্রধারী শতাধিক সন্ত্রাসী তাদের বাড়িতে ও তার চাচা তাসনিম হাসান টুটুলের বাড়িতে নগ্ন হামলা চালায়। এ সময় হামলাকারীরা গুলিবর্ষণ, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ছাড়া বাড়িতে থাকা যুবক, শিশু ও নারীদের গাঁয়েও হাত তোলা হয়। হামলাকারীদের মারধর ও সহিংসতায় তাসনিম হাসানের বড় ভাই মেহেদী হাসান গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় নেতৃত্ব দেয়া  এম সাইফুর রহমান মিন্টু ওরফে মিন্টু মোল্লা বিএনপির দিঘলিয়া উপজেলা সভাপতি উল্লেখ করেহিরো আরো অভিযোগ করেন, তার পিতা আজিজুর রহমান জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী। তার জনপ্রিয়তা অনেক বেশি। এ কারণে ক্ষুব্ধ হয়ে ভয় ও আতংক সৃষ্টির উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
হিরো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িত মূল হোতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরূপ চৌধুরী বলেন, পলিটিক্যালি একটু বিশৃঙ্খলা হয়েছে। একটু ভাঙচুরও হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।