ভারত, ভারতের মুসলমান
ভারতে পুলিশি নির্যাতনের অভিযোগে জেলবন্দী এক মুসলিম যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি

ভারতের হরিয়ানার ফরিদাবাদ কারাগারে ২৩ বছর বয়সী এক মুসলিম যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর কয়েক দিন আগে পরিবারের কাছে ফোন করে পুলিশি হেফাজতে নির্মম মারধর ও নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন তিনি। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির একটি সংবাদমাধ্যম জানায়, গত ১৩ নভেম্বর কারাগারের ভেতরেই মৃত্যু হয় রেহান নামের ওই যুবকের। তার মৃত্যুকে কেন্দ্র করে গ্রেফতার, হেফাজতে নির্যাতন এবং কারাগারে তার ওপর কী ঘটেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন—বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর প্রচার, যা বলল বিএনপি

রেহান উত্তরপ্রদেশের আমরোহা জেলার বাসিন্দা। গত ১৮ অক্টোবর ১ কোটি ৪ লাখ রুপির একটি লুটের মিথ্যা অভিযোগে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে। তবে পরিবারের দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গ্রেফতারের পর থেকে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ স্বজনদের।

সংবাদমাধ্যমের কাছে রেহানের চাচা নওশাদ অভিযোগ করেন, পুলিশি হেফাজতে থাকাকালে রেহানকে নির্মমভাবে মারধর করা হয়েছে। তার দাবি, ফরিদাবাদ থেকে গ্রেফতারের পর পুলিশ রেহানকে নিয়ে আমরোহায় তাদের বাড়িতে আসে। সেখানে পুলিশের সাথে পরিবারের সদস্যদের ধস্তাধস্তি হয়। এতে পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন।

নওশাদের অভিযোগ, এ সময় পুলিশের পক্ষ থেকে পরিবারের কাছে ১৮ লাখ ৮০ হাজার রুপি দাবি করা হয়। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে পরিবারের অন্য সদস্যদেরও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর মাত্র কয়েক দিন আগে কারাগার থেকে ফোন করে রেহান তাকে গুরুতরভাবে মারধর ও নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছিলেন। এর কয়েক দিন পর গত ১৩ নভেম্বর কারাগার থেকে ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়।

এদিকে পরিবারের তোলা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন আমরোহার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অমিত কুমার। সংবাদমাধ্যমকে তিনি জানান, ফরিদাবাদ থেকে সিবিআইয়ের একটি দল রেহানকে আমরোহায় নিয়ে এসেছিল। পরে তারা সেখান থেকে চলে যায়। তবে রেহানকে মারধর এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।