শিশু
হাসপাতালে শিশুর স্বজনরা। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে স্রোতে ভেসে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকের তাৎক্ষণিক চিকিৎসায় প্রাণে বেঁচে যায় শিশুটি। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ পার্কসংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম আরওয়া মাহমুদ (৫)। সে চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়া এলাকার মাহমুদ হাসান ও ফারহানা বিথী দম্পতির মেয়ে। শিশুটির মা ফারহানা বিথী স্থানীয় পুলিশ পার্ক লেনের এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পুলিশ পার্ক এলাকার মাথাভাঙ্গা নদীর তীরে ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক ও স্থানীয় ব্যক্তি। এ সময় হঠাৎ নদীর স্রোতে একটি ছোট শিশুকে ভেসে যেতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে বিষয়টি বুঝতে পেরে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত নদীতে নেমে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার বিষয়ে শিশুটির মা ফারহানা বিথী বলেন, ‘সকালে আমি স্কুলেই ক্লাস নিচ্ছিলাম। আমার মেয়েটি অত্যন্ত চঞ্চল। কখন সে স্কুলক্যাম্পাস থেকে বের হয়ে নদীর পাড়ে চলে গেছে, তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ওয়াহেদ মাহমুদ রবিন জানান, ‘সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শিশুটিকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার ক্ষীণ হৃদস্পন্দন পাওয়া যায়। সাথে সাথে তাকে জরুরি চিকিৎসা দেয়া হয়। বর্তমানে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আল্লাহর রহমতে সে এখন শঙ্কামুক্ত।’