
চলমান ইরান ও ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্বশান্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনঝেনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন।
তুরস্কের বার্তা সংস্থা আনদুলু, বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আসন্ন সম্মেলনে বিশ্বশান্তির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তিন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বিস্তারিত মতবিনিময় হবে।’
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের ৩৩তম সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে। বুধবার ব্যবসায়ী নেতাদের সভার মধ্য দিয়ে এপেকের সম্মেলন শুরু হয়েছে।
এমন এক সময়ে তিন নেতার এই বৈঠক হচ্ছে, যখন চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে। অন্যদিকে ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনার কথা বলে আসছেন ট্রাম্প।
তবে ফিলিস্তিনের উপকূলীয় গাজা উপত্যকায় ইসরাইলের হামলা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি তিন নেতা আলোচনায় তুলবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ট্রাম্প জানিয়েছেন, চীনা ও রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকে তিনি ‘পরমাণু নিরস্ত্রীকরণ’ নিয়ে আলোচনা করবেন। এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথেও দেখা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে পিয়ংইয়ং এখনো নিশ্চিত করেনি।
বুধবার ফিলিপাইন সফর শেষে দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প। ফিলিপাইনে তিনি কোয়াডের সম্মেলনে যোগ দেন। জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের নিয়ে গঠিত এই জোটের সম্মেলনের পাশাপাশি ১১ সদস্যের আসিয়ান জোটের নেতাদের সাথেও বৈঠক করেন তিনি।
এদিকে বুধবার এপেকের ব্যবসায়ী নেতাদের সভায় বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, অর্থনৈতিক ‘জবরদস্তি’ এখন অতীতের বিষয়। একই সাথে জাতীয় সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নের মডেল নির্ধারণে প্রতিটি দেশের সার্বভৌমত্বের ওপর গুরুত্ব দেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








