
জাঁকজমকপূর্ণ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬। উৎসবে সাহিত্যে বিশেষ অবদানে স্বীকৃতিস্বরূপ ২৪ জন লেখক ও সাহিত্যিকে সেরা লেখক সম্মাননা প্রদান করা হয়। গত শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অরুণ কুমার বিশ্বাস। বিশিষ্ট ছড়াকার জুলফিকার শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন উৎসব উদযাপন কমিটির সদস্যসচিব কাদের বাবু। উদ্বোধকের বক্তব্যে ছড়াকার আবু সালেহ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যেমন উন্মুক্ত মাঠ প্রয়োজন, তেমনি তাদের সুস্থ মনন গঠনে শৈশব থেকেই সাহিত্যের আস্বাদন অপরিহার্য। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মনসুর মুসা শিশুদের উপযোগী মানসম্মত ভাষা প্রয়োগ এবং বর্তমান ডিজিটাল যুগে শিশুসাহিত্যের প্রাসঙ্গিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক খালেদুর রহমান জুয়েল ও বাচিকশিল্পী শাহারিয়া সিদ্দিকী সূচনার সঞ্চালনায় ‘বাংলাদেশের শিশুসাহিত্য : সঙ্কট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ। দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছবি আঁকা এবং গল্প ও ছড়া লেখার সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নবিরতির আগে দেশবরেণ্য ও তরুণ লেখকদের অংশগ্রহণে শিশুতোষ ছড়া ও কবিতা পাঠের আসর বসে। এ ছাড়া ছিল শিশুসাহিত্যিক খায়রুননেসা রিমির মনোমুগ্ধকর জাদু প্রদর্শনী। উৎসবের সমাপনী পর্বে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জন লেখক ও সাহিত্যিকের হাতে তুলে দেয়া হয় ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’। সম্মাননাপ্রাপ্ত ২৪ জন লেখক হলেন- জগলুল হায়দার, প্রিন্স আশরাফ, বিশ্বজিৎ দাস, রেজাউল করিম খোকন, রণজিৎ সরকার, খায়রুল বাবুই, আশিক মুস্তাফা, সফুরা খাতুন, আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান বাবু, এনামূল হক পলাশ, কাজী তাহমিনা, তরুন ইউসুফ, সৈয়দা আঁখি হক, দীপ্তি সরকার, ফজলুল পলাশ, মুনীরুল ইসলাম, মিনহাজ ফয়সল, মোকাদ্দেস-এ-রাব্বী, রকিবুল ইসলাম, অপু বড়ুয়া, আপন অপু, শাম্মী তুলতুল, সাফওয়ান সামি দৃক প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








