একনেক সভা ২০২৬, তারেক রহমান, একনেক প্রকল্প অনুমোদন, এলজিইডি সেতু নির্মাণ প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দাশেরকান্দি পয়ঃশোধনাগার, সরকারি উন্নয়ন প্রকল্প, ৩৪ হাজার ৬৬৭ কোটি টাকার প্রকল্প
একনেক সভা। সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

Advertisement

সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত আরো ১৪টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের প্রকাশিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রস্তাবিত ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করতে আট বিভাগের ৪৮ জেলার ১২৫টি উপজেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রকল্পটিতে।

স্থানীয় সরকার বিভাগের অধীনে নেয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি। সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) বাস্তবায়নের জন্য এতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। একনেকে অনুমোদন পেলে চলতি বছর কাজ শুরু করে ২০৩১ সালের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা কমিশন প্রকল্পটি যাচাই-বাছাই শেষে অনুমোদনের সুপারিশ করেছে।

একনেক নোটিশ অনুযায়ী, অনুমোদনের জন্য উপস্থাপন করা ২১টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, পাঁচটি সংশোধিত এবং দুইটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া মন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরো ১৪টি ছোট ও মাঝারি প্রকল্প একনেক কমিটির অবগতির জন্য উপস্থাপন করা হবে।

প্রস্তাবিত ২১টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৬৬৭ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩৪ হাজার ২৩২ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা জোগান দেয়ার প্রস্তাব করা হয়েছে।

নতুন প্রকল্পের তালিকায় যা রয়েছে
নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা ওয়াসার ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)’। গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য দাশেরকান্দি পয়ঃশোধনাগারে নিতে এ প্রকল্পের আওতায় ১৪০ কিলোমিটার পয়ঃলাইন নির্মাণ করা হবে। এছাড়া ছয়টি পয়ঃবর্জ্য উত্তোলন ও পাম্পিং স্টেশন নির্মাণে ৬ কোটি ৭০ লাখ টাকা এবং পয়ঃলাইন পরিষ্কারের যন্ত্রপাতি কিনতে ২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৯ সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ওয়াসার স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান অনুযায়ী, ঢাকা মহানগরীর পয়ঃসেবা নিশ্চিত করতে পাঁচটি পয়ঃশোধনাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীনের অর্থায়নে নির্মিত দাশেরকান্দি পয়ঃশোধনাগার ২০২৩ সালের ১ জুলাই থেকে ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

তবে পর্যাপ্ত পয়ঃবর্জ্য সংগ্রহ নেটওয়ার্ক না থাকায় শোধনাগারটির সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বিশেষ করে শুষ্ক মৌসুমে পয়ঃবর্জ্যের অভাবে এটি কার্যকরভাবে চালু রাখা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য হাতিরঝিল এলাকার রাস্তার নিচ দিয়ে দাশেরকান্দি শোধনাগারে নেয়ার পরিকল্পনা করা হয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরো কয়েকটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে সিলেট বিভাগের চারটি হাওর ও সমতল জেলায় ৫ হাজার ১০৬ কোটি টাকা ব্যয়ে ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’।

এছাড়া ২ হাজার ৮১৭ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এবং ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয়ে ‘বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ রয়েছে। দ্বিতীয় প্রকল্পটির আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার পল্লি সড়কের মানোন্নয়ন করা হবে।

অন্যান্য নতুন প্রকল্পের মধ্যে রয়েছে—
১. ৬ হাজার ৯২২ কোটি টাকা ব্যয়ে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখনন প্রকল্প।

২. ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশাল রক্ষা (প্রথম পর্যায়) প্রকল্প।

৩. ৫৬৭ কোটি টাকা ব্যয়ে মেট্রো ঢাকা প্রকল্প (গোডানেটচাবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদ সুরক্ষা—প্রথম পর্যায়)।

৪. ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প।

৫. ১ হাজার ৯০৭ কোটি টাকা ব্যয়ে মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) চার লেনে উন্নীতকরণ প্রকল্প।

৬. ৪৭২ কোটি টাকা ব্যয়ে জয়পুরহাট সড়ক বিভাগাধীন তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প।

৭. ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ধামরাইয়ে এনএসআই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

৮. ৪৯৫ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় আবাসিক উন্নয়ন প্রকল্প।

৯. ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন (অংশ-১) প্রকল্প।

১০. ২৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে চরফ্যাশন দারিদ্র্য বিমোচন স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রকল্প।

সংশোধিত প্রকল্পে ব্যয় বাড়ানোর প্রস্তাব
সংশোধিত প্রকল্প প্রস্তাবের মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন। এতে ১ হাজার ৯৯ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের (পজীপ) তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ১০৫ কোটি টাকা, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনে ২৪২ কোটি টাকা, পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ২৪২ কোটি টাকা এবং গণগ্রন্থাগার অধিদফতরের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ২৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪ প্রকল্প
পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪টি ছোট প্রকল্পও সভায় অবহিত করা হবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি নদী ও বুড়ি নদী পুনঃখনন প্রকল্প, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদফতর পার্ট), জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুইটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন প্রকল্প।

এছাড়া রয়েছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের সক্ষমতা জোরদারকরণ, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলজ ইকোসিস্টেম সংরক্ষণ (ইউএসএআইডি প্রকল্প), দেশের মহাসড়কে বিদ্যমান সরু বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তিতে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প।