
দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করে প্রথম ইনিংসে লিড নেয়ার কিছুটা সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। নতুন বলে পরপর তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের দিকে টেনে এনেছিল দল। কিন্তু ঠিক তখনই বৃষ্টির বাধা। তাতে মোমেন্টাম হারানোর আক্ষেপ থাকলেও জয়ের আশা ছাড়ছেন না তাসকিন আহমেদ।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৮৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের করা ৪০০ রানের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকরা। তবে হাতে আছে মাত্র তিন উইকেট। চতুর্থ দিন সকালে দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিতে পারলে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ দেখছেন তাসকিন।
মঙ্গলবার দিনের প্রথম সেশনে টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনের জুটি দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিচ্ছিল। দুজনের ৭৯ রানের জুটিতে স্বস্তিতে ছিল স্বাগতিকরা। বাভুমা ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে নতুন বল নেয় বাংলাদেশ।
এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। মাত্র ১৯ বলের মাঝে ১৫ রানের ব্যবধানে ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হারমারকে ফিরিয়ে দেন তাসকিন ও হাসান মাহমুদ। দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল।
বাংলাদেশের বোলারদের সেই ছন্দে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। লাঞ্চের পর আর মাঠে গড়ায়নি খেলা। দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিনও আক্ষেপ করেছেন হারানো সেই সুযোগ নিয়ে। তার মতে, ওই সময় দ্রুত দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার সম্ভাবনা তৈরি হয়েছিল।
তাসকিন বলেন, ‘বৃষ্টি তো আসলে নিয়ন্ত্রণে নেই। তবে যে জিনিসটা হতো, আমরা যে মোমেন্টামটা পেয়েছিলাম, ওই সময়টায় দ্রুত ওদের অলআউট হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। লাঞ্চ থেকে চা-বিরতির সময়টা ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। উইকেট ভালো থাকে, রোদ পড়ে।’
তবে বৃষ্টিতে দুই সেশন খেলা না হলেও হতাশ হয়ে পড়েননি এই পেসার। এখনো ম্যাচে নিজেদের ভালো অবস্থান দেখছেন তিনি। চতুর্থ দিন সকালে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকার বাকি উইকেটগুলো তুলে নেয়ার পাশাপাশি ব্যাটসম্যানদের কাছ থেকেও দায়িত্বশীল শুরু চান তাসকিন।
তার ভাষায়, ‘স্টিল আমরা গেমে আছি। আল্লাহর রহমতে মনে হয় ভালো পজিশনেই আছি। কালকের (আজ) আবহাওয়ার পূর্বাভাস যেটা আছে, ওটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু দিনের শুরুটা যদি আমরা ভালো করতে পারি, তাড়াতাড়ি ওদের বাকি উইকেটগুলো নিতে পারি ও আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু দেয়—টেস্ট ম্যাচে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’
পুরনো বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের রান আটকাতে বেশ বেগ পেতে হচ্ছিল বাংলাদেশের বোলারদের। তাসকিন জানান, নতুন বল হাতে পাওয়ার পর ড্রেসিংরুম থেকে জুটি ভাঙার বার্তাই দেয়া হয়েছিল। কারণ, টেস্ট ক্রিকেটে একটি জুটি ভাঙতে পারলেই দ্রুত উইকেট পড়ার সুযোগ তৈরি হয়।
তাসকিন বলেন, ‘পুরনো বলটা একদম নরম হয়ে যাওয়ার পর ব্যাটে খুব সহজে আসছিল। যখনই নতুন বলটা আমরা হাতে পাই, সবার মাথায় একটাই চিন্তা ছিল যে যেভাবে হোক একটা ব্রেকথ্রু বের করা প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘একটা উইকেট যাওয়ার পর ধাপ ধাপ আরো দুটি গেল। টেস্ট ক্রিকেটটা এমনই, পার্টনারশিপ ভাঙলে যেকোনো মুহূর্তে ধস নামে। আমরা সেটাই চেয়েছিলাম ও করতে পেরেছি।’
বাংলাদেশের প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে ৪০০ রান আসে। জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১৫৭ রান করেন মার্কাস অ্যাকারম্যান। জুবাইর হামজার ব্যাট থেকে আসে ৮৩ রান।
বৃষ্টির পর ওয়ান্ডারার্সের উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে এখনই কিছু বলতে চাননি তাসকিন। তার মতে, চতুর্থ দিন সকালে খেলা শুরু হলেই উইকেটের প্রকৃত অবস্থা বোঝা যাবে।
আজ বুধবার চতুর্থ দিন সকালে ৫৬ রানে অপরাজিত রায়ান রিকেলটন ও ৫ রান নিয়ে ক্রিজে নামবেন কাগিসো রাবাদা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








