
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: জুলহাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় মহাসড়কে মো: লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আগুনে বাসটির বেশ কয়েকটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটির নিয়মিত চালক তিনি।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহার করা হত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সাথে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








