
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দক্ষিণখান এলাকায় নিজস্ব জমিতে বিক্রয় বিজ্ঞপ্তির সাইনবোর্ড লাগানোর পর ১০ কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দক্ষিণখান থানার ওসি মো: ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সুনির্দিষ্ট চাঁদাবাজির মামলার প্রেক্ষিতে গত শনিবার ভোরে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে এসআরবি সদস্যরা তাকে গ্রেফতার করার পর ডিএমপির দক্ষিণখান থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, ব্যাংকের ঋণ পরিশোধের উদ্দেশ্যে দক্ষিণখান থানার সামনে ভুক্তভোগীরা একটি জমি বিক্রির জন্য সাইনবোর্ড স্থাপন করেন। সাইনবোর্ড টানানোর পরপরই সাজ্জাদ হোসেন ও মোকলেছুর রহমানসহ সহযোগীরা ১০ কোটি টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে জমি বিক্রিতে বাধা ও প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় গত ১৯ অক্টোবর দক্ষিণখান থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। মামলায় সাজ্জাদ হোসেনকে ২ নম্বর আসামি করে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্টের পর থেকে সাজ্জাদ এলাকায় বেপরোয়া চাঁদাবাজি ও অবৈধ আয়ের মাধ্যমে রাতারাতি বিপুল সম্পদের মালিক বনে যায়। দক্ষিণখান থানা পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতা মাসুম খান রাজেশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে রাজেশকে গ্রেফতার করা হয়। তিনি মোহাম্মদপুর থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ডিএমপির ডিবি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, চাঁদাবাজির অভিযোগে মাসুম খান রাজেশকে গ্রেফতার করা হয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীতে চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের একটি তালিকা সম্প্রতি তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। এই তালিকায় রাজেশের নাম রয়েছে বলে জানা গেছে।
শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের মূল হোতা দীপু গ্রেফতার: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের পূর্ব পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রধান আসামি আবুল হায়াদ দীপুকে (৩২) গ্রেফতার করেছে রমনা মডেল থানা পুলিশ। গতকাল ডিএমপির ডিবি স্পেশাল টিমের সাথে যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর বেলা ১টা ৪৫ মিনিটে শিল্পকলা একাডেমির পাশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে পালিয়ে যায়। এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রুজু হয়।
ধানমন্ডিতে সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি আটক : দেশের বিভিন্ন স্থানে বাউল গান ও সাংস্কৃতিক আয়োজনে অব্যাহত হামলা ও জানাজায় বাধার প্রতিবাদে ধানমন্ডি ২৭ নম্বরে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে অভিনেত্রী সুমনা সোমা, শামীমা শওকত লাভলী, এহসানুল আজিজ বাবু ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলসহ সংস্কৃতিকর্মীরা অংশ নিতে এলে ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে কথা-কাটাকাটি হয়। গতকাল বিকেল ৪টায় মিনা বাজারের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেয়।
মোহাম্মদপুরে আ’লীগ নেতা গ্রেফতার : রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর আহাদ হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আটক করে। আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক প্যানেল মেয়র ছিলেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হালিম জানান, তিনি বেশ কিছুদিন ধরে ঢাকায় আত্মগোপনে থেকে দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছিলেন এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি ও ঝটিকা মিছিল বের করার পরিকল্পনা করছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








