পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটেন ও স্পেন সফরে যাচ্ছেন

 কূটনৈতিক প্রতিবেদক
অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যকে সামনে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আজ ব্রিটেন ও স্পেন সফরে যাচ্ছেন। ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই সফরের সময় তিনি দুই দেশের সরকারের উচ্চপদের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রতিমন্ত্রী স্পেনের সেভিল শহরে ২৬ অক্টোবর ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন। স্পেন-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এই প্রদর্শনীর প্রতিপাদ্য হলো ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’। এই আয়োজনের মূল লক্ষ্য হলো বাংলাদেশী রফতানিকারকদের সাথে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা, যা বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের নতুন পথ উন্মোচন করবে।
স্পেনে কর্মসূচি শেষ করে শামা ওবায়েদ ২৯ ও ৩০ অক্টোবর ব্রিটেন সফর করবেন। এখানে তার কর্মকান্ডের মধ্যে রয়েছে বাংলাদেশী শিল্প ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতি উন্নয়নের সুযোগ অনুসন্ধান করা।

Advertisement