
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেছেন, ‘রুমিন ফারহানা আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র।’
আওয়ামী লীগ ছাড়া জাতীয় সংলাপ সম্ভব নয় এবং দলটির জায়গায় থাকলে গণহত্যার জন্য ক্ষমা চাইতেন না— টকশোতে রুমিন ফারহানার এমন বক্তব্যের সমালোচনা করে তাকে ‘অঘোষিত মুখপাত্র’ আখ্যা দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একইসাথে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি ও গণমাধ্যমে দলটির পক্ষে বক্তব্য প্রচারের সুযোগ দেয়ায় বিএনপি সরকার, তথ্য মন্ত্রণালয় ও মূলধারার গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে আশরাফ মাহদি লেখেন, ‘রুমিন ফারহানা গণহত্যাকারীদের পক্ষ নিয়ে নির্লজ্জের মতো আবদার করলেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় সংলাপ সম্ভব না। গতকাল টকশোতে তিনি আরো বলেছেন, তিনি আওয়ামী লীগের জায়গায় হলে গণহত্যার জন্য ক্ষমা চাইতেন না। অর্থাৎ তিনি জুলাইকে একেবারেই মেনে নিতে পারেননি।’
তিনি আরো লেখেন, ‘আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির জন্য এর চেয়েও ভয়ঙ্কর কথাবার্তা রুমিন ফারহানা অনেক দিন ধরেই গণমাধ্যমে বলে আসছেন।’
আশরাফ মাহদি তার পোস্টে রুমিন ফারহানাকে আওয়ামী লীগের ‘অঘোষিত মুখপাত্র’ উল্লেখ করে লেখেন, ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র রুমিন ফারহানা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। আর বিএনপি সরকারও সন্ত্রাসলীগ পুনর্বাসনকেন্দ্রের বড় বড় ত্রাণকর্তাদের হাতে মিডিয়ার মাইক এভাবে ছেড়ে দেয়ার মাশুল গুণতে শুরু করেছে।’
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আন্দালিব রহমান পার্থের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, ‘তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে জুলাইয়ে প্রোফাইল লাল করে কার পরিণতি কী হবে, সে বিষয়ে সতর্কতা দিয়ে বেড়ানো নয়; বরং গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য প্রচারের বিষয়টি নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’
তিনি অভিযোগ করেন, রুমিন ফারহানার মতো ব্যক্তিরা মাসের পর মাস গণমাধ্যমে বক্তব্য দিয়ে গণহত্যার পক্ষের বয়ান তৈরি করছেন। এসব বক্তব্যকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করতে না পারাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতা বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে একটি ‘টেররিস্ট সংগঠনের মুখপাত্রের’ বক্তব্য গণমাধ্যমে বাধাহীনভাবে প্রচারের সুযোগ দেয়া নিয়ে জবাবদিহি দাবি করেন আশরাফ মাহদি। একইসাথে তিনি লেখেন, ‘ডি-আওয়ামীফিকেশনের জন্য প্রথম কার্যকর পদক্ষেপ হচ্ছে এসব মুখপাত্রদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








