সিলেট হামে তিন শিশুর মৃত্যু
সিলেট হামে তিন শিশুর মৃত্যু। নয়া দিগন্ত গ্রাফিক্স

সিলেটে হামে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরো তিনজনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৫৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৫৫ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সাত মাস বয়সী ইরফান হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। এছাড়া একই হাসপাতালে মৃত্যুবরণকারী আট মাস বয়সী খুদেজা সুনামগঞ্জের ছাতক ও আট মাস বয়সী মাহিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮০৬ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন, মৌলভীবাজারে ১৬৭ জন ও সুনামগঞ্জে ৯১৭ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৫৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৪ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯ জন, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন হাম রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৫৫৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৫ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১০ জন, ওয়েসিস হসপিটালে একজন, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৯১ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে সিলেটে ৯৫ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ১৭ জন ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে কারো মৃত্যু না হলেও ১৭৮ জনের হাম শনাক্ত হয়। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৫৯ জন।