
পিটিআই
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১ নভেম্বর রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপিবিরোধী ২৮টি ভারতীয় রাজনৈতিক দলের জোট ‘ইনডিয়া’। সেই কর্মসূচিতে কমপক্ষে ১০ লাখ মানুষ জমায়েতের লক্ষ্য নেয়া হয়েছে।
ইনডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসের হরিয়ানা রাজ্য শাখার সভাপতি রাও নরেন্দ্র সিং এবং সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত এ তথ্য জানিয়েছেন। হরিয়ানা রাজ্য কংগ্রেসের দুই শীর্ষ নেতা পিটিআইকে বলেছেন, ভোটার তালিকার শুদ্ধতা, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার রক্ষা করা দেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য। এ বিষয়ে কংগ্রেস কোনো আপস করবে না।
তাদের দাবি, কংগ্রেস এবং বিরোধী জোট ইনডিয়ার দেশব্যাপী ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি এখন দেশব্যাপী এক নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। হরিয়ানার প্রতিটি জেলা, ব্লক, গ্রাম এবং ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত এই কর্মসূচি পৌঁছে দেয়ার জন্য সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাও নরেন্দ্র সিং এবং সঞ্জয় দত্ত পিটিআই-কে জানান, দলের কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে যেন তারা ভোটার তালিকায় থাকা সম্ভাব্য গরমিলগুলো নথিবদ্ধ করেন, যোগ্য ভোটারদের অধিকার সম্পর্কে সচেতনতা ছড়ান এবং ১ নভেম্বরের সমাবেশে হরিয়ানা থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেন।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে অনুষ্ঠিতব্য ‘ইনডিয়া’ জোটের এই সমাবেশকে ‘দিল্লি চলো’ অভিযানের চূড়ান্ত পর্যায় হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের কার্যপদ্ধতিতে অনিয়ম এবং ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার বিরুদ্ধে এই অভিযানের ডাক দেয়া হয়েছে।
কংগ্রেস জানিয়েছে, যেটিকে তারা ‘ভোট চুরি’ বলে অভিহিত করছে, তার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ গণতন্ত্র ও সংবিধান রক্ষার ক্ষেত্রে ঐক্যের একটি শক্তিশালী বার্তা দেবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








