
গাজীপুর মহানগর প্রতিনিধি
বিশ্ব ইজতেমা ২০২৭ সুষ্ঠু, সুন্দর ও শান্তিময় পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহার নিয়ে সরকারের কাছে দু’টি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখরা। শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে টঙ্গী ইজতেমা ময়দানের টিনশেড শব্জবাড়ী পয়েন্টে অনুষ্ঠিত জাতীয় পরামর্শ সভায় দাবিগুলোর বিষয়ে একমত হন আলেমরা। সভার সিদ্ধান্ত অনুযায়ী আলেমদের প্রথম দাবিটি হলো- ২০২৫ সালের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেয়ার বিষয়ে সরকারের পূর্ববর্তী যে সিদ্ধান্ত ছিল, তা বহাল রাখা। আর দ্বিতীয় দাবিটি হলো- ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ময়দানে সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিলের ব্যবস্থা করা। বর্তমানে এসব মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন রয়েছে।
সভা-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের একটি গুরুত্বপূর্ণ মহল থেকে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সাথে যোগাযোগ করে সাদপন্থীদের এবারের ইজতেমার জন্য তিন দিন টঙ্গী ময়দান ব্যবহারের অনুমতি দেয়ার বিষয়ে তার মতামত জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি দেশের শীর্ষ আলেমদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানান কথা বলেন। সেই প্রেক্ষাপটেই সারা দেশের ৬৪ জেলার নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম ও শীর্ষ মুরুব্বিদের নিয়ে এই জরুরি পরামর্শ সভার আয়োজন করা হয়। ইজতেমা আয়োজনের বিষয়টিকে সামনে রেখে দেশের সব জেলা, মাদরাসা, মারকাজ ও দ্বীনি প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য ওলামায়ে কেরামের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে শীর্ষ আলেমরা হুঁশিয়ারি দিয়ে জানান, এ বিষয়ে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হলে কিংবা বিশৃঙ্খলা তৈরি হলে ঢাকার কেন্দ্রীয় নির্দেশনার পর নিজ নিজ জেলায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা শাহ সাজিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ (পীরসাহেব মধুপুর), মাওলানা মাহফুজুল হক, মুফতি খিজিরুল্লাহ, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবং মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীসহ দেশের বিভিন্ন জেলার বিশিষ্ট ওলামা ও মুরুব্বিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








