৫ বছর সংসদ টিকবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে : নাহিদ ইসলাম

 নিজস্ব প্রতিবেদক
বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ১৬ বছর পর নির্বাচন ও নতুন সংসদ গঠিত হলেও সেখানে বিরোধী দলের বক্তব্য এবং জনগণের কণ্ঠস্বরের মূল্যায়ন হচ্ছে না। বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে এই সংসদ আর জনগণের সংসদ নেই।
গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালনকালে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের যেকোনো শ্রেণীর নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গতকাল সকালে গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।
পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় প্রতিটি বাস ও রুটের গাড়ি থেকে চাঁদা নেয়া হচ্ছে। এই চাঁদার ভাগ এখনো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভাগাভাগি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলামের দাবি, দুই দলের এই ভাগাভাগির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের পকেটের টাকা চলে যাচ্ছে।
তিনি বলেন, দেশে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি চলতে পারে না। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। ১৬ বছর ধরে আন্দোলন করতে করতে মানুষ ক্লান্ত হলেও এখন আর বিকল্প নেই।
তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, তিনি গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করে দিয়েছেন। গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা পুনরুদ্ধারে আবারো রাজপথে নামতে হবে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জনগণ সংসদে নিজেদের কথা তুলে ধরার জন্য বিরোধী দলকে পাঠিয়েছিল। কিন্তু সেখানে জনগণের কথা বলার সুযোগ না থাকায় তারা আবারো মানুষের কাছে ফিরে এসেছেন। 
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। একই সাথে জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানি মন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।
সংবিধান সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক ও প্রহসন চলছে, তা বন্ধ করতে হবে। গণভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
তিনি আরো বলেন, সংসদে পাস হওয়া কর্তৃত্ববাদী আইনগুলো পরিবর্তন করতে হবে। জুলাই গণহত্যায় যাত্রাবাড়ীতে শহীদ হওয়া ব্যক্তিদের পাশাপাশি ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। যেসব মামলার রায় হয়েছে, সেগুলো অবিলম্বে কার্যকর করারও দাবি জানান তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও দলীয়করণের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আলুচাষিরা লোকসান দিয়ে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। হিমাগারে আলু সংরক্ষণে ৮৬০ টাকা খরচ হলেও তা ৬২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।
লক্ষ্মীপুরে সারের ডিলারশিপ দেয়ার বিষয়ে তিনি অভিযোগ করেন, ৫৭ জনকে ডিলারশিপ দেয়া হয়েছে। তাদের মধ্যে ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের সারের ব্যবসা করার কোনো অভিজ্ঞতা নেই বলেও দাবি করেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রার্থিতার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচনে তাকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। তবে জনগণের মন থেকে তাকে মুছে ফেলা যায়নি।
তিনি বলেন, এখন থেকে পুরো ঢাকা মহানগর দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি সক্রিয় থাকবে। কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলদারত্বের ঘটনা ঘটলে তা তাদের জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ডাক
আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার কর্মসূচি। শ্রমিক ও মজুরদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এতে অংশ নিতে হবে।
শাহবাগের গণবিক্ষোভ থেকে সংসদ ও প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত যাওয়ার কথাও জানান তিনি।
শেখ হাসিনাকে গণভবন থেকে উৎখাত করার প্রসঙ্গ টেনে তারেক রহমানকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, তারেক রহমানের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেয়া, যাতে তাকে একই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
নাহিদ ইসলাম আরো বলেন, তারেক রহমান লন্ডনে নিজের বাসা এখনো বিক্রি বা ছেড়ে দেননি এবং সালাহউদ্দিন সাহেবও শ্রীলঙ্কায় একটি বাসভবন রেখে দিয়েছেন। তাদের এক পা দেশে, আরেক পা বিদেশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সময় থাকতে জনগণের ম্যান্ডেট, গণভোটের ম্যান্ডেট ও গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা পূরণ করতে হবে। অন্যথায় জনগণ যখন স্রোতের মতো রাজপথে নামবে, তখন সেই জনস্রোত থামানো সম্ভব হবে না।

Advertisement