সংক্ষিপ্ত সংবাদ


ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

Advertisement

নাটোরের বড়গ্রামে মুনজিলা খাতুন (৪) নামের এক শিশুসন্তানের ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের আদগ্রাম পাটিল বাবার মাজার সংলগ্ন ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত মুনজিলা কুণ্ডুপাড়া গ্রামের মুনসুর আলীর মেয়ে। জানা যায়, শিশুর মা রহিমা বেগম স্বামী পরিত্যক্ত হওয়ার পর থেকে মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। স্থানীয় অধিবাসীদের ধারণা, রাতে কোনো অনৈতিক উদ্দেশ্যে মা শিশুটিকে সাথে নিয়ে সেখানে যান। শিশুটি অতিরিক্ত কান্নাকাটি করায় তাকে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়া হতে পারে বলে স্থানীয়দের সন্দেহ। উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের শরীরে পানি না থাকায় হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বড়গ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায়  প্রাথমিক আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই  লাশ দাফনের লিখিত অনুমতি দেয়া হয়েছে। বড়গ্রাম (নাটোর) সংবাদদাতা।

গফরগাঁওয়ে ২ ফ্লাটে চুরি

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে দিনদুপুরে একই বাসাবাড়ির দু’টি পৃথক ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। চোরের দলটি ভবনের দ্বিতীয় তলার দু’টি ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে মালামাল লুট করে। তারা আলমারি ভেঙে নগদ টাকা, মূল্যবান স্বর্ণালঙ্কার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ মোট ১৫ লাখ টাকার মালামাল নিয়ে সটকে পড়ে। গত শুক্রবার বিকেলে পৌর শহরের স্টেশন রোডস্থ কুমারভিটা এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে। ঘটনার সময় ফ্ল্যাটের মালিক আল-আমিন ও ভাড়াটিয়া তানিয়া পরিবারসহ নিজ নিজ কাজে বাইরে অবস্থান করছিলেন। বিকেলে ঘরে ফিরে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এই চুরির ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গফরগাঁও থানার তদন্ত কর্মকর্তা মো: মশিউর রহমান  জানান,  জড়িতদের  শনাক্তসহ   লুণ্ঠিত  মালামাল উদ্ধারে পুলিশি অভিযান  শুরু হয়েছে। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।

জেলেদের অতর্কিত হামলায় আহত ২

পটুয়াখালীর গলাচিপায় সরকারি নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গেলে অসাধু জেলেদের অতর্কিত হামলায় এক পুলিশ সদস্য ও স্পিডবোট চালক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল মো: জসিম এবং স্পিডবোট চালক শাহজালালকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। মৎস্য অফিস সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদীতে তল্লাশি চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলার থেকে বোট লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তারা দু’জন আহত হন। নদীর অন্ধকার পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে হামলাকারী জেলেদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৯

বরিশালের উজিরপুরে পূর্বশত্রুতার জের ধরে কাউসার হাওলাদার (৩২) নামের এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা এলাকায় একটি চায়ের দোকানের কাছে ঘটনাটি ঘটে। নিহত কাউসার আলমদী গ্রামের মোনাফসের হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রের খবর, কিছুদিন আগের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের পর পালানোর সময় বেসরকারি টেলিভিশনের লোগোযুক্ত একটি হাইয়েস গাড়ি থেকে ৯ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ধৃত ৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। উজিরপুর (বরিশাল) সংবাদদাতা।

সীমান্তে ৩৮ লাখ টাকার শাড়ি জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে উপজেলার আমানগণ্ডা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন সোনাপুর এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী টহলের অংশ হিসেবে জিরো লাইন থেকে ৫০০ গজ অভ্যন্তরে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা এসব ভারতীয় শাড়ির আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৮ লাখ ৮৭ হাজার টাকা। ১০ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। কুমিল্লা প্রতিনিধি।

চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় যাত্রীবেশী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল হক (৪৫), তিনি মাটিয়াগোদা গ্রামের বাসিন্দা। গত শুক্রবার রাতে পাঠাননগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত আব্দুল হক কিস্তিতে অটোরিকশাটি কিনে পরিবারের একমাত্র জীবিকা নির্বাহ করতেন। ছাগলনাইয়া থানার ওসি জানান, অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার এবং ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা।

৬ মাদকসেবীকে সাজা ও জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চার ভিন্ন স্থান থেকে ছয় মাদকসেবীকে আটক করে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে চিহ্নিত দুই মাদক কারবারি শেখ সাজু ও বাবুল হোসেনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্য চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। অভিযান শেষে ইউএনও জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা।