মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক মানুষ গড়ার কারিগর

চট্টগ্রাম ব্যুরো

Advertisement

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক মানুষ গড়ার কারিগর, অহিংস মতবাদের ধারক, সুশিক্ষার প্রসারে দক্ষ, মুক্তবুদ্ধি চর্চার মনীষী। কদম মোবারক মুসলিম এতিমখানা তার অন্যতম কীর্তি। তিনি আমাদের ইতিহাসের এক অমর নাম। তার মৌলিক চিন্তার ফসল আমাদের সাহিত্য অঙ্গনকে নতুন দিকনির্দেশনা প্রদান করে। আমাদের জাতিসত্তা বিনির্মাণে তার অবদান ইতিহাসের সোনালি পাতায় খচিত হয়ে থাকবে। তিনি তুলে ধরেছেন ভারতবর্ষে ইসলামী সভ্যতার উৎকর্ষ এবং বিকাশের তাত্ত্বিক ও তথ্যপূর্ণ বিবরণ। ভারতের সভ্যতার বিশাল আঙ্গিনাজুড়ে মুসলমানদের যে প্রভুত অবদান তার বর্ণনা আছে তার গ্রন্থে। মুসলমানদের ঐক্যে সচেতন করে তোলাই ছিল মাওলানা ইসলমাবাদীর কর্মপ্রয়াস। তিনি এতদঞ্চলে জাতীয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। মনিরুজ্জামান ইসলামাবাদী ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন, বঙ্গভঙ্গ রদ ও খিলাফত আন্দোলনেও সক্রিয় ছিলেন। তিনি একটি শিক্ষিত, জ্ঞাননির্ভর ও উদারপন্থী জাতি প্রতিষ্ঠায় তার সারাজীবনের ত্যাগ-তিতিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুসরণীয় হয়ে আছে। 
তিনি গতকাল শনিবার কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রপথিক, উপমহাদেশে মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক, শিক্ষা সম্প্রসারণের অন্যতম অগ্রদূত, অবিভক্ত ভারতের খ্যাতিমান মনিষী মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি: যুগ্ম আহ্বায়ক হারুন জামান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু, শিক্ষাবিদ ও লেখক ড. শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, কদম মোবারক মুসলিম এতিমখানার সিনিয়র সহসভাপতি এস এম মোর্শেদ হোসেন, সহসভাপতি হাফেজ আমান উল্লাহ, মুজিবুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. পারভেজ ইকবাল শরীফ, সহসাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক ড. মো: সানা উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আলা উদ্দিন আলী নূর, প্রচার ও পাঠাগার সম্পাদক ওয়াকিল আহমদ সিকদার, সাধারণ সদস্য অ্যাডভোকেট মো: আকতার, মো: এমদাদুল আজিজ চৌধুরী, শাহ আলম চৌধুরী, মো: হুমায়ুন খান, প্রতিষ্ঠাতা সদস্য এ এম এস ইসলামাবাদী (গাজী), মতোয়াল্লি সদস্য আজাদ উল্লাহ খান, দাতা সদস্য নুরুল আমিন কবির, সাধারণ সদস্য (প্রধান শিক্ষক) মো: আবু জহুর প্রমুখ ব্যক্তিরা। 
উল্লেখ্য, বাদে ফজর খতমে কুরআন, মিলাদ মাহফিল, মুনাজাত, কবর জিয়ারত ও বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও তাবারুক বিতরণ করা হয়।