ইয়েমেনের বাস্তুচ্যুতরা
ইয়েমেনের বাস্তুচ্যুতরা। সংগৃহীত ছবি

গত আগস্ট মাসের শুরু থেকে ইয়েমেনে তিন লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে শুধু গত সপ্তাহেই বাস্তুচ্যুত হয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দফতর (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে। 

দফতরটি জানায়, সহিংসতার কারণে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবারগুলো তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে এবং মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে—যার চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরব ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ সৃষ্টি করছে যেন তারা ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রস্তাবের মাধ্যমে ‘আনসার আল্লাহ হাউছি’ আন্দোলনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে।

তবে ইউরোপীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন যে, এমন পদক্ষেপ ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা উদ্বিগ্ন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র আনোয়ার এল-আনৌনি জানিয়েছেন, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে রিয়াদের সাথে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। 

তবে বর্তমানে কী ধরনের সুনির্দিষ্ট আলোচনা চলছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সূত্র : আলজাজিরা