মাগুরায় মদপানে ২ যুবকের মৃত্যু

 মাগুরা প্রতিনিধি

Advertisement

মাগুরার শ্রীপুরে মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে অতিরিক্ত অ্যালকোহলপানের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত যুবকেরা হলেন শ্রীপুর উপজেলার মকোরদম খোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৪০) এবং পাশের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।
স্বজন ও পুলিশ সূত্র জানায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের একটি পূজামণ্ডপ এলাকায় বন্ধুদের সাথে অ্যালকোহল জাতীয় মদপান করে ওই দুই যুবক। কিছুক্ষণ পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ভোরে আলমগীরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দিকে বিধান বিশ্বাসকে রাত ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ইমরান হোসেন জানান, দুই যুবকের মৃত্যুর বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। শ্রীপুর থানার ওসি ওলী মিয়া বলেন, প্রাথমিক তদন্তে অতিরিক্ত মদপানের কারণে মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। রিপোর্টের আলোকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।