গফরগাঁওয়ে শ্বাসরোধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের শ্বাসরোধ করে নাদিয়া আক্তার (১৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার হাতিখলা গ্রামের মো: কাউসারের (২৫) স্ত্রী ও লংগাইর ইউনিয়নের নামা বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় পর থেকেই তার স্বামী অটোচালক কাউসার ও শাশুড়ি পলাতক রয়েছে।
গত বুধবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল দুপুরে নিহতের মা মইফুল বাদি হয়ে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উপজেলার হাতিখলা গ্রামের মৃত নুর চান মিয়ার ছেলে মো: কাউসারের সাথে দণি গফরগাঁও উপজেলার নামা বাগবাড়ী গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ির সাথে নাদিয়ার মনোমালিন্য চলে আসছিল। পারিবারিক কলহের জেরে ঘটনার দিন বুধবার সন্ধ্যার পর স্বামী কাউসার তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ। এরপর ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য শ্বশুর পরিবারের লোকজন রাতেই নাদিয়া আত্মহত্যা করেছে বলে প্রচার করে। পরে একই খবর নিহতের পরিবারকে জানানো হয়।
এ দিকে নাদিয়ার মৃত্যুর ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের না পেয়ে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
নিহতের দূর সম্পর্কের দুলাভাই মফিজ উদ্দিন অভিযোগ করে, বিয়ের পর থেকে কাউসার আমার শ্যালিকাকে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করে আসছিল। নাদিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং ঘটনার পরপরই স্বামী ও শাশুড়ি নিজ বাড়ি থেকে পালিয়ে গেছেন।
গফরগাঁও থানার এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসেন।
মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।