
মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে প্রায় ১১ বছর ধরে বন্দী অবস্থায় রয়েছেন মোহাম্মদ শাহজামাল নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি। তিনি বাংলাদেশী নাকি মিয়ানমারের নাগরিক বিষয়টি নিয়ে রয়েছে ধূম্রজাল।
গত এক সপ্তাহ যাবত সোশাল মিডিয়ায় তাকে বাংলাদেশী দাবি করে অনেকেই পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে বলা হচ্ছে, তিনি বাংলাদেশী হলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভুল করে তার ঠিকানা ও জাতীয়তা মিয়ানমার হিসেবে নথিভুক্ত করায় তার নিজ দেশে ফিরতে জটিলতা তৈরি হয়েছে হয়তো। শারীরিক গঠন বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিকের মতো দেখালেও তার সঠিক কোনো পাসপোর্ট বা পরিচয়পত্র নেই।
কিন্তু দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মোহাম্মদ শাহজামালের বিষয়ে দূতাবাসে কোনো তথ্য নেই এবং আমরা দেশটির ক্যাম্প পরিদর্শনের সময় সে বাংলাদেশী কিনা বা শাহ জামাল নামের কোনো সঠিক তথ্য আমাদের কাছে আসেনি।
বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মোহাম্মদ শাহজামালের দুটি ঠিকানা ঘিরে। একটিতে উল্লেখ আছে- গ্রাম: সুখের বাতি, থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম, বিভাগ রংপুর।
অন্য এক নথিতে উল্লেখ আছে- তার ঠিকানা Mohammad Shajamal, পিতার নাম: Md Bachher Ali এবং তার জন্মতারিখ: ১৫/০৩/১৯৮৬। নথিতে তার জাতীয়তা মিয়ানমার (Myanmar) এবং ধর্ম: ইসলাম উল্লেখ করা হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি ডিটেনশন ক্যাম্প কেন্দ্রে (Depoh Imigresen Langkap) তাকে আটকে রাখা হয়েছে। তার গায়ে যে পোশাকটি রয়েছে, তাতে মালয় ভাষায় লেখা আছে- ‘Tahanan Imigresen’, যার বাংলা অর্থ হচ্ছে ইমিগ্রেশন আটক ব্যক্তি।
আটকের বিবরণ অনুযায়ী তিনি ১৭/০৮/২০১৬ তারিখে ইমিগ্রেশন আইনের (Akta Imigresen) আওতায় আটক বা ওই ক্যাম্পে প্রবেশ করেছেন এবং তার ইমিগ্রেশন সংক্রান্ত রিপোর্ট বা ফাইল নম্বর তৈরি হয়েছিল ১৮/০৬/২০১৬ তারিখে। সংক্ষেপে, এটি মালয়েশিয়ার কোনো ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে আটক একজন বিদেশী নাগরিকের অফিসিয়াল পরিচয়পত্র।
এবিষয়ে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (লেবার) মো: সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের কাছে ডিটেনশন ক্যাম্পে আটক বাংলাদেশীদের যে তথ্য রয়েছে সেই তালিকায় সোশ্যাল মিডিয়ায় পাওয়া মোহাম্মদ শাহজামালের বিষয়ে কোনো তথ্য নেই, মালয় ইমিগ্রেশন কোনো তথ্য দেয়নি। নির্দিষ্ট সময়ে সময়ে আমরা ক্যাম্পে ভিজিট করে থাকি। তবে শাহজামালের বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








