
মতলবে অস্ত্রসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার মোহনপুর ইউনিয়নের চর ওয়েস্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরহাদ ওই এলাকার ছৈয়াল বাড়ির মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ফরহাদকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মতলব (চাঁদপুর) সংবাদদাতা।
শার্শায় ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১
যশোরের শার্শায় প্রায় চার কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ-সাতীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার একটি ইটভাটার পাশ থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য চার কোটি টাকা। আটক আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী-যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। বুধবার দুপুরে শার্শা থানায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন। এ ঘটনায় চোরাচালান-সংক্রান্ত আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। বেনাপোল (যশোর) সংবাদদাতা।
বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
নওগাঁর রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার শিং মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া এলাকায় অভিমন্য দেবনাথের লিজ নেয়া পুকুরে এ ঘটনা ঘটে। মাছচাষি অভিমন্য জানান, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মাছকে খাবার দিয়ে বাড়ি ফেরেন। গতকাল সকালে পুকুরে গিয়ে দেখেন, অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে প্রায় ১৪০ থেকে ১৫০ মণ শিং মাছ ছিল। মাছগুলো বাজারজাত করার উপযোগী হয়ে উঠেছিল। এতে ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান অভিমন্য। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন তিনি। রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কুষ্টিয়ার ভেড়ামারায় সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হামিদুল ইসলাম টিটনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। টিটন দক্ষিণ ভবানীপুর গ্রামের সিকান্দার প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, সিরাজগঞ্জের একটি মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সাত লাখ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ড দেন আদালত। ভেড়ামারা থানার ওসি শামীম শেখ জানান, রায় ঘোষণার পর থেকে টিটন বিভিন্ন এলাকায় ছদ্মবেশে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপসহকারী পুলিশ পরিদর্শক জয়নুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা।
পুকুরে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে মো: হুজাইফা ও মো: আকরাম নামে দুই বছর বয়সী যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সৌদি প্রবাসী আক্কাস মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে ফুটবল খেলার সময় বলটি পুকুরে পড়ে যায়। বল আনতে গিয়ে দুই ভাই পানিতে নামে এবং ডুবে যায়। পরে পুকুরে তাদের লাশ ভাসতে দেখে এক পথচারী পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
সীমান্তে ২২ লাখ টাকার পণ্য জব্দ
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২২ লাখ পাঁচ হাজার ৭১০ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। সূত্র জানায়, বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া ও সংগ্রাম বিওপির সদস্যরা গত মঙ্গলবার রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল, সাবানসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়। গতকাল বুধবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সিলেট ব্যুরো।
রাণীনগরে ছুরিকাঘাতে আহত ২
নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মন্দির কমিটির সহসভাপতিসহ দু’জনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী শ্রী শ্রী কালীমাতা মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মন্দির কমিটির সহসভাপতি বিকাশ চন্দ্র সাহা (৪৫) ও অসীম চন্দ্র সাহা (৪০)। তারা ত্রিমোহনী গ্রামের বাসিন্দা। অসীম জানান, নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের রায়হান (৩৬) মন্দিরের কাছে এক নারীকে উত্ত্যক্ত করছিলেন। স্থানীয়রা বাধা দিলে তিনি চলে যান। পরে ফিরে এসে তর্কের একপর্যায়ে ছুরি দিয়ে বিকাশের উরুতে ও অসীমের হাতের তালুতে আঘাত করে পালিয়ে যায় রায়হান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, থানার ওসি জাকারিয়া মণ্ডল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে মামলা হয়েছে। রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা।
নগরকান্দায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১
ফরিদপুরের নগরকান্দায় ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ মো: জাফর সেখ (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত মঙ্গলবার সকালে উপজেলার তালমার মোড় বাজার এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অধিদফতর সূত্র জানায়, জাফরের সাথে থাকা কালো রঙের ট্রলি ব্যাগের বিশেষ চেম্বারে ইয়াবাগুলো লুকানো ছিল। কালো টেপে মোড়ানো প্যাকেটে রাখা ইয়াবার ওজন ৩৯২ গ্রাম। এ সময় তার পকেট থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়। জাফর পাবনার বেড়া থানার রাজনারায়ণপুর এলাকার জাহিদ সেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








