ভালুকায় ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

Advertisement

ময়মনসিংহের ভালুকায় অবসরপ্রাপ্ত এক মাদরাসা শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা মোহাম্মদ আলী (৭৫) গুরুতর আহত হন। তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয় নম্বর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল মোহাম্মদ আলীর বাড়িতে হানা দেয়। পরে দরজা ভেঙে তার দুই ছেলে নাজমুল ইসলাম ও সামিউল ইসলামের ঘরে প্রবেশ করে। সামিউল স্থানীয় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ডাকাতদল ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে। এ সময় বাধা দিতে গেলে মোহাম্মদ আলীকে মারধর করে ডাকাতরা। এতে তিনি গুরুতর আহত হন। ভুক্তভোগী পরিবারের সদস্য ও শিক্ষক সামিউল ইসলাম জানান, তার ও ভাইয়ের ঘর থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতদের হামলায় তার বাবা আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ দিকে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো: রফিকুল ইসলাম বলেন, ডাকাতির বিষয়টি তাদের জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।