
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সহাবস্থানের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করেন, যা বাংলাদেশের সম্প্রীতির বন্ধনকে তুলে ধরে। গত মঙ্গলবার দুপুরে ঢাকার ধামরাইয়ে একটি দুর্গাপূজা মণ্ডপ ও ঐতিহ্যবাহী কাঁসা-পিতলের কারুশিল্পের কর্মশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারাহ কুক বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ধামরাইয়ে এসে সরাসরি পূজা উদযাপন দেখতে পেরে তারা আনন্দিত। বিভিন্ন ধর্মের মানুষের একসাথে বসবাস ও নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপনের চিত্র তাকে মুগ্ধ করেছে।
দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ব্রিটিশ হাইকমিশনার ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা-পিতলের কারুশিল্পের কর্মশালা ঘুরে দেখেন। এ শিল্পের ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কাঁসা-পিতলের কারুশিল্প বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ধামরাইয়ের কর্মশালায় দীর্ঘ দিন ধরে এসব শিল্পসামগ্রী তৈরি হয়ে আসছে। ধামরাইয়ের কারুশিল্পের প্রতি নিজেদের আগ্রহের কথা জানিয়ে সারাহ কুক বলেন, এর আগে তারা কয়েকবার ধামরাইয়ে এসেছেন এবং এখান থেকে বিভিন্ন কারুশিল্পসামগ্রী কিনেছেন, যা বর্তমানে ঢাকায় তাদের বাসভবনে রয়েছে। তিনি আরো বলেন, ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা-পিতলশিল্প বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








