
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের তথ্য চেয়ে অসম্পূর্ণ তালিকা পাওয়ার অভিযোগ উঠেছে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হকের বিরুদ্ধে। তথ্য অধিকার আইনে আবেদন করার পরও সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আবেদনকারী সাংবাদিক আশরাফুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের জুনে শেষ হওয়া এ কর্মসূচিতে ২৫ জন প্রশিক্ষণার্থীর ১৫ দিনের প্রশিক্ষণের জন্য চার লাখ ৬৫ হাজার ৫০০ টাকা এবং প্রশিক্ষণ-পরবর্তী সহায়তা হিসেবে ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা, বাজেট ও বাস্তবায়নসংক্রান্ত তথ্য চেয়ে ‘নতুন বাংলার সংবাদ’ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল হক গত ১৯ জুলাই তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই সরবরাহ করা তালিকায় ২৫ জনের নাম ও অভিভাবকের নাম থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা ছিল না। আপত্তির পর ২ আগস্ট দ্বিতীয় দফায় তালিকা দেয়া হলেও তাতে পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর ছিল না বলে অভিযোগ করেন তিনি।
আশরাফুল হকের দাবি, প্রথমে মৌখিকভাবে তথ্য চাইলে উপপরিচালক মন্ত্রী, সংসদ সদস্য ও জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন বলে জানান। তার অভিযোগ, অসম্পূর্ণ তালিকা দেয়ায় প্রকল্পের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা সুকান্ত সরকার বলেন, উপপরিচালকের নির্দেশনা অনুযায়ী তিনি তথ্য সরবরাহ করেছেন। উপপরিচালক ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হননি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








