প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসাথে কাজ করতে হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

Advertisement

সরকারের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ও রূপকল্প সফলভাবে বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে ভেদাভেদ ভুলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে কাক্সিক্ষত উন্নয়ন আরো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।
গত মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে কিশোরগঞ্জ জেলার পরিচালন বাজেটে মেরামত ও সংরক্ষণের অধীন গ্রামীণ সড়ক এর আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণের স্কিম বাস্তববায়নের জন্য উপজেলায় নিয়োগকৃত (খঈঝ) শ্রমিকদের মধ্যে ৩০ জুন ২০২৬ তারিখে ফেইজ আউটকৃত শ্রমিকদের সঞ্চয়ী অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে জনকল্যাণে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা যার যার অবস্থান থেকে জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালন করলে কাক্সিক্ষত উন্নয়ন ত্বরান্বিত হবে। বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে ২৬ জন শ্রমিকের হাতে প্রতি জনকে এক লাখ ৯ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো: রফিক ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো: শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ইজাজুল হক, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: আলী জিন্নাহ ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চেকপ্রাপ্ত এলসিএস শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা।