খুলনায় ২ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ৪০ জনের মতো আহত হয়েছেন। এ ছাড়া চাঁদপুরের মতলব এবং কিশোরগঞ্জের নিকলীতে পৃথক দুর্র্ঘটনায় এক ব্যবসায়ী ও অটোরিকশাচালক নিহত ও দুইজন আহত হয়েছেন।
খুলনা ব্যুরো ও ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন এবং বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে দুই যুবক আঠারোমাইল বাজারের পাইকগাছা রোড থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উঠছিলেন। তারা কামরুলের মিষ্টির দোকানের সামনে পৌঁছামাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বেপরোয়া গতির বাস (ঢাকা মেট্রো-ব-১২-১২৫৯) তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা উভয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারী গাজীর ছেলে রফিউর রহমান রউফ (৪৩) এবং আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস আলী (২৫)।
অন্য দিকে গতকাল দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গীর পার নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৪০ জনের মতো আহত হয়েছেন। 
খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে খুলনা থেকে বেপরোয়া গতিতে একটি বাস (সাতক্ষীরা জ-১১-০০৯৬) সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গীরপার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ক্রাউন সিমেন্টবোঝাই ট্রাকের (নারায়ণগঞ্জ উ-১১-০০২৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ৪০ জনের মতো যাত্রী কমবেশি আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার জিন্নাত আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু নিশ্চিত করেছে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এ ছাড়া খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকচালক মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্র বলছে, খাদে পড়ে যাওয়া বাসের নিচ থেকে আরো দুইজনের লাশ উদ্ধার করেছে ডুমুরিয়া ফায়ার সার্ভিস। 
মতলবে ব্যবসায়ী নিহত
মতলব (চাঁদপুর) সংবাদদাতা জানান, মতলব উত্তরে বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন খোকন উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের বাসিন্দা, বাবার নাম এলাহী প্রধান। তিনি কনজুমার ডিলার ছিলেন। তিনি এক কন্যার জনক।
প্রত্যক্ষদর্শী গোলাম নবী খোকন জানান, মোটরসাইকেল নিয়ে আক্তার হোসেন খোকন মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় সাহেব বাজারের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ মৃত ঘোষণা করেন।
নিকলীতে একজন নিহত 
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর কারপাশা ইউনিয়নে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের মজলিসপুরে  মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক  নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মো: আব্দুল মান্নান (৪৫)। তিনি নিকলী সদর ইউনিয়নের মহরকোনা গ্রামের আবু নাসেরের ছেলে। 
এ ছাড়া আহত মোটরসাইকেল চালক মজলিশপুরের সুলতান ভূঁইয়ার ছেলে তুষার ভূঁইয়াকে (৩৫) ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।