সিরাজগঞ্জে চুরির মামলায় ৬ আসামি গ্রেফতার, ২ গরু উদ্ধার
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। গ্রেফতারকৃত ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া তিনটি গরুর মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় পাঁচ মাস পর গোয়েন্দা নজরদারি ও পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এসআরবি-১২-এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ও বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার সংলগ্ন একটি মসজিদের সামনে এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার  ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গত ১৯ জুন রাত ২টার দিকে তাড়াশে মো: তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তায়বুর রহমান রিপন তাড়াশ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এসআরবি-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সদর কোম্পানির একটি দল বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে মামলার তদন্তে শনাক্ত হওয়া ছয়জনকে গ্রেফতার করে।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামে আজাদ নামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকার নুরনবী নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদেরকে উদ্ধার করা গরুসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।