
রাজবাড়ীতে পদ্মা নদী থেকে ধরা ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় নদীতে জাল ফেলেন জেলে লুৎফর রহমান ওরফে লুৎফর হালদার। কিছুক্ষণ পর জালে বড় ধরনের ঝাঁকি অনুভব করেন তিনি। দ্রুত জাল টেনে তুলতেই বিশাল আকৃতির কাতল মাছটি পাওয়া যায়।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে রেজাউল মণ্ডলের আড়তে নেয়া হয়। সেখানে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
কেজিপ্রতি দুই হাজার ৪০০ টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় ২৩ কেজি ওজনের মাছটি কেনেন তিনি।
চান্দু মোল্লা জানান, ভোরে মাছটি ধরা পড়ার পরপরই জেলে লুৎফর হালদার তাকে মোবাইল ফোনে বিষয়টি জানান। আড়ত থেকে মাছটি কেনার পর তিনি এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এবং দেশ-বিদেশে থাকা পরিচিত ক্রেতাদের সাথে যোগাযোগ করেন।
একপর্যায়ে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ী কেজিপ্রতি ১০০ টাকা লাভ দিয়ে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
ক্রেতার দেয়া ঠিকানা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি দূরপাল্লার পরিবহনে মাছটি পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন চান্দু মোল্লা।
তিনি বলেন, চলতি মৌসুমে এটিই তার কেনা সবচেয়ে বড় কাতল মাছ। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








