নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ছায়া জাতিসঙ্ঘ  সম্মেলন শুরু হয়েছে। নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠান আয়োজন করে। 

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নোবিপ্রবি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। আরও বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল তারেক মুক্তার, ডিরেক্টর জেনারেল তাসনুভা জামিল ও ডেপুটি ডিরেক্টর জেনারেল মন্দিরা চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘বর্তমান বিশ্বে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, সংঘাত এবং বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি রাষ্ট্রের পক্ষে এককভাবে এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।’

তিনি বলেন, মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেলিগেটরা শুধু বক্তব্য বা প্রস্তাবে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান অনুসন্ধানে মনোযোগী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে নেগোসিয়েশন, আর্গুমেন্ট, ডিবেট, লিডারশিপ ও কোলাবরেশন এই পাঁচটি সেগমেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তরুণদের সুনাগরিকত্ব ও কূটনীতি চর্চায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন।

সম্মেলনে মোট সাতটি কমিটি ও ফোরাম থাকছে। এর মধ্যে রয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, জাতীয় সংসদ এবং আন্তর্জাতিক প্রেস। অংশগ্রহণকারী প্রতিনিধিরা নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী সমসাময়িক বিশ্ব রাজনীতির নানা বিষয়ে বিতর্ক ও আলোচনায় অংশ নেবেন।