
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দেবিদ্বার মাদরাসাপাড়ার ‘জয়ভেরি হাউজে’র বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মো: শহিদুল হক আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শহিদুল হক সুদীর্ঘ শিক্ষকতা জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন এবং পেশাজীবী প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহসভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কুমিল্লা থেকে প্রকাশিত ‘মাসিক জয়ভেরি’ পত্রিকার সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








