বাংলাদেশের সাথে বহুমুখী অংশীদারত্ব সম্প্রসারণে আগ্রহী উজবেকিস্তান

কূটনৈতিক প্রতিবেদক
দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশগুলোর একটি বাংলাদেশের সাথে বহুমুখী অংশীদারত্ব আরো সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে উজবেকিস্তান।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে স্বাগত জানিয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিইয়য়েভ এ অভিমত ব্যক্ত করেন। ড. খলিলুর রহমান ‘শিশুদের কল্যাণে বিনিয়োগ : ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও সমতাভিত্তিক উন্নয়ন’ বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানে পৌঁছেছেন। ইউএনজিএর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর খলিলুর রহমানের এটিই প্রথম বিদেশ সফর।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, উভয় পক্ষ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, মধ্য এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, শান্তির সংস্কৃতি ও আন্তঃধর্মীয় সংলাপ প্রসারের ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরো এগিয়ে নেয়ার বিষয়ে নিজেদের অভিন্ন আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। 
সাক্ষাতের শুরুতে প্রেসিডেন্ট শওকত মিরজিইয়য়েভ ইউএনজিএর ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। খলিলুর রহমান জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে উজবেকিস্তানের প্রেসিডেন্টের কাছে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।
আলোচনায় জাতিসঙ্ঘ ও এর বিভিন্ন সংস্থার সাথে সহযোগিতা আরো সম্প্রসারণ ও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়। সাম্প্রতিক বছরগুলোতে ইউএনজিএতে উজবেকিস্তানের উদ্যোগে ১৫টি প্রস্তাব গৃহীত হয়েছে, যার মধ্যে দু’টি এ বছর অনুমোদিত হয়েছে।
উজবেকিস্তান জাতিসঙ্ঘের প্রধান অঙ্গ ও সংস্থাগুলোর কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। এ ছাড়া দেশটি ২০৩৫-২০৩৬ মেয়াদে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদের জন্য নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছে।

Advertisement