কলেজ
সাভার সরকারি কলেজ। নয়া দিগন্ত

সাভার সরকারি কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘এসো মিলি হৃদয়ের টানে’ এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত হবে পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। 

ঢাকা-১৯ আসনের সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিনের উদ্যোগ এবং তত্ত্বাবধানে প্রাক্তণ ছাত্রছাত্রীদের এ পুনর্মিলনী উপলক্ষে সাভার কলেজ তিনদিন আগে থেকেই রং-বেরংয়ের নিয়ন বাতিতে সেজেছে বর্ণিল সাজে। এছাড়া ডা: দেওয়ান মো: সালাউদ্দিন এমপি উপস্থিত থেকে কাজের অগ্রগতির পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন দিকনিদের্শনা দিচ্ছেন।

সাভারের তৎকালীন শিক্ষানুরাগী ও সমাজসেবক রাখাল চন্দ্র সাহার স্ত্রী প্রিয়বালা সাহার দানকৃত জমির ওপর ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই স্বনামধন্য বিদ্যাপীঠ সাভার কলেজ। দীর্ঘ ৫৯ বছর এ অঞ্চলে শিক্ষার আলো বিতরণকারী সাভার সরকারী কলেজ-এর পথচলার স্মারক হিসেবে প্রাক্তণ ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে বইছে উৎসবের আমেজ। 

অনুষ্ঠান সফল করতে প্রাক্তণ ছাত্রছাত্রীদের নিয়ে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল হামিদ মোল্লাকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। 

এছাড়াও ১৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে। জানা য়ায়, অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ২ হাজার ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

এই ঐতিহাসিক মিলনমেলায় শনিবার সকালে শিক্ষার্থীদের অভ্যর্থনা ও উপহার সামগ্রী গ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ ধামারই আসনের সংসদ সদস্য মো: তমিজ উদ্দিন।  

সারাদিনের এই বর্ণাঢ্য আয়োজনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ, স্বাগত নৃত্য পরিবেশন, অতিথিদের বক্তব্য, সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক পর্বেও অংশ হিসেবে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনা এবং আমন্ত্রিত শিল্পীদের সংগীতানুষ্ঠান ও র‌্যাফেল ড্র অন্তর্ভুক্ত রয়েছে। 

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ ও পুনর্মিলনী উদযাপিত কমিটির আহবায়ক অধ্যাপক মো: আব্দুল হামিদ মোল্লা কলেজের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। 

দীর্ঘদিনের চেনা আঙিনায় পুরোনো বন্ধুদের সাথে পুনরায় মিলিত হওয়ার এই আনন্দঘন মুহূর্তটি সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজকরা জানিয়েছেন, সাভার সরকারি কলেজের পুনর্মিলনীর প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের এক মহামিলন মেলা সফল করতে তারা দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।