পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর
পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ। নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর সীমানা সংলগ্ন শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত চারজনই মামলার এজাহারনামীয় আসামি। তারা হলেন—

তাজেল মাদবর: জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবর কান্দি এলাকার মরহুম আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। তিনি জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

মো: মিজানুর রহমান মীর (৫৭): শরীয়তপুর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মরহুম মীর মোহাম্মদ আলীর ছেলে এবং চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মো: রিপন সরদার (৫৫): সদর উপজেলার কীর্তিনগর এলাকার মরহুম হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য।

মো: জাহাঙ্গীর হোসেন (৪১): শরীয়তপুর ডিসি অফিসের কর্মচারী এবং সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে।

ঘটনার প্রেক্ষাপট ও ভোগান্তি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক লোকের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা-ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় পদ্মা সেতুর দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

মামলার বিবরণ ও পুলিশের বক্তব্য

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় গত ৯ নভেম্বর দিবাগত রাতের ঘটনায় গতকাল (১২ নভেম্বর) পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে, গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বাকীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।’