
নয়া দিগন্ত ডেস্ক
ভারতের দিল্লি হাইকোর্ট ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ভর্ৎসনা করে বলেছেন, ‘ব্যারিকেডেরও একটি উদ্দেশ্য আছে।’ অনুমতি ছাড়া যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা এবং পুলিশের ব্যারিকেড অতিক্রম করার অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার আদালত এ মন্তব্য করেন। একই সাথে বিদেশে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা উল্লেখ করে আদালত বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেও অনাকাক্সিক্ষত লোকজন ঢুকে পরিস্থিতি নষ্ট করতে পারে। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এদিকে, সিজেপির এই দুই নেতা তাদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর আদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আদালত তাদের আবেদনটি শুনতে রাজি না হওয়ায় তারা এ সিদ্ধান্ত নেন। অন্য দিকে দিল্লি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের হেফাজতের মেয়াদ আরো তিন দিন বাড়ানো হবে কি না, সে বিষয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম) বুধবার সিদ্ধান্ত স্থগিত রাখেন।
যন্তর মন্তরে প্রবেশ এবং শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গের অভিযোগে গত ১৩ অক্টোবর সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। পরদিন তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ১৯ অক্টোবর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের হেফাজতের মেয়াদ আরো দুই দিন বাড়ান। বুধবার সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








