
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার মেঘনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো: ছোটন আহমেদ (৩০)। তার গ্রামের বাড়ি সোনারগাঁও এলাকায়। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। কর্মস্থলের মালামাল সরবরাহ করতে গিয়ে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে কুরিয়ার সার্ভিসের মালামাল সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন ছোটন আহমেদ। পথে সোনারগাঁওয়ে মেঘনা সেতু এলাকায় একটি বাসের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছোটনকে হাসপাতালে নিয়ে আসা আসাদুল ইসলাম জানান, ছোটন একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। দুপুরে কুরিয়ারের মালামাল সরবরাহের জন্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মেঘনা সেতু এলাকায় একটি অজ্ঞাত বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








