ফের যাত্রাবিরতিতে ঢাকায় ইনফান্তিনো

ক্রীড়া প্রতিবেদক
ভুটান সফর শেষে ঢাকায় ফিরতি যাত্রাবিরতি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিমানবন্দরে তার সাথে বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মান উন্নয়নে গুরুত্ব দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন ফিফার এই শীর্ষ কর্মকর্তা। দুই দিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার আগে ঢাকায় ট্রানজিট নিয়েছিলেন ইনফান্তিনো। এবার ফেরার পথেও ঢাকায় প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তিনি।
জাপানের টোকিওতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে গেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তার অনুপস্থিতিতে গতকাল বিমানবন্দরে বাফুফের পক্ষে অভ্যর্থনা জানান দুই সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম।
ফাহাদ করিম বলেন, ‘ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে কিছুটা আলাপ হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সাথে আলোচনা করেছেন। টোকিওতে এ নিয়ে অন্যদের সাথেও কথা হতে পারে।’
ফাহাদ আরো বলেন, ‘মার্চে ফিফা কংগ্রেসে সব দেশের অনুদানই বাড়ানোর প্রস্তাব রয়েছে। সেটা পাস হলে বাংলাদেশও ভালো অঙ্ক পাবে।’

Advertisement