ফাইনালে ভারতের সঙ্গী হলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক 
মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে নাম লেখায় স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। আগামীকাল বেলা ৩টায় ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আর আজ বেলা ২টায় ব্রোঞ্জ পদকের জন্য লড়বে মালদ্বীপ ও নেপাল। 
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে লাল-সবুজের মেয়েরা ১৬-৫ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ১৭ গোলের জবাবে মালদ্বীপের ১৫ গোল। ম্যাচসেরা খেলোয়াড় হন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার (৮ গোল)। ভালো শুরুর পরও প্রথমার্ধে বাংলাদেশের সাথে অনেকটাই পিছিয়ে পরে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে সমানতালে লড়লেও ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১১ গোলের লিডই ব্যবধান গড়ে দেয়।  
বাংলাদেশ প্রতিযোগিতা শুরু করে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। পরের ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ ব্যবধানে হার। ফাইনালে উঠতে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে জিততে হতো বাংলাদেশকে। এমন ম্যাচে অবশ্য মালদ্বীপকে সহজেই হারিয়েছে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।  
এর আগে চার জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে নেপালকে ২৬-১১ গোলে বিধ্বস্ত করে জিতেছে ভারত। এ নিয়ে লিগ পর্বের তিন ম্যাচই জিতল ভারত। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪০-৮ গোলে, পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪৭-১৩ গোলে হারাল ভারত। 
নেপাল বাংলাদেশের বিপক্ষে ৩৩-২০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে। পরের ম্যাচে মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারালেও লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে হার ভারতের কাছে। তিন ম্যাচের মধ্যে একটিতে জয় নেপালের।

Advertisement