
ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক বিরতির সময় গত মাসের শেষ ভাগে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলে জয়ের ম্যাচে পুরো সময় সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোনালদোর দাবি ছিল, কোচ জর্জ জেসুস তাকে অন্তত আধা ঘণ্টা মাঠে খেলানোর পূর্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে ওয়ার্ম-আপ করতে বলা হলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। পরবর্তীতে সংবাদ সম্মেলনে কোচের বিষয়টি খোলাসা করার কথা থাকলেও তা না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। কোচের এমন আচরণের প্রতিবাদে ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে কোপেনহেগেনে দলের চলমান অনুশীলন ক্যাম্প ছেড়ে আকস্মিকভাবে বেরিয়ে যান এই পর্তুগিজ অধিনায়ক। তবে কোচ জর্জ জেসুস রোনালদোর এই অভিযোগ অস্বীকার করেন এবং কোনো ধরনের প্রতিশ্রুতির বিষয়ে সমঝোতা হয়নি বলে দাবি করেন। যদিও ভবিষ্যতে রোনালদোর দলে ফেরার সম্ভাবনা নাকচ করেননি তিনি।
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় এবার শাস্তি পেয়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ এই মহাতারকা। ৩০ দিনের জন্য তাকে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। একই সাথে ২৫৫ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে এই ফরোয়ার্ডকে। ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল গত পরশু এই শাস্তির ঘোষণা দেয়।
ঘটনার পর রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করে এফপিএফ। ৯ অক্টোবর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শাস্তিমূলক কার্যক্রম শুরু হয়। পরে ডিসিপ্লিনারি কাউন্সিল অভিযোগ বহাল রেখে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা ঘোষণা করে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে। সেই হিসাবে সর্বনিম্ন মেয়াদের শাস্তিই পেয়েছেন রোনালদো।
তবে এই নিষেধাজ্ঞার আওতায় ঠিক কোন কোন ম্যাচ বা কার্যক্রম পড়বে, তা ফেডারেশনের ঘোষণায় স্পষ্ট করা হয়নি। আগের সাময়িক নিষেধাজ্ঞার সময় ৩০ দিনের শাস্তির সাথে সমন্বয় করা হবে কি না, সেটিও পরিষ্কার নয়। ফলে রোনালদোর মাঠে ফেরার সময় নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছে।
তবে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রোনালদো। ক্যাম্প ছেড়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেও কোচের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। একই সাথে শাস্তি মেনে নেয়ার কথাও জানিয়েছিলেন পর্তুগিজ অধিনায়ক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








