
ক্রীড়া ডেস্ক
নিজেদের মাঠ, কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ শুরুর ১৪ মিনিটেই জালের দেখা পেলেন টটেনহ্যাম হটস্পারের জেমস ম্যাডিসন। এরপর উমর মারমাউশ এবং ম্যাচে স্পার্সাদের হয়ে শেষ গোলটি করলেন বেন ডেভিস। আর তাতেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু জয়ের দেখা পেল উত্তর লন্ডনের দলটি। অথচ এই দলটি লিগে সবসময় থাকতো শিরোপা রেসে আর নিয়মিত বিচরণ ছিল চ্যাম্পিয়ন্স লিগে, সেই দলটিই এবার ১৪৮ দিন অপেক্ষা শেষে স্বাদ পেল জয়ের। আর এই জয়টি এসেছে ইংলিশ ফুটবল লিগের চারটি শীর্ষ বিভাগের ৯২ দলের মধ্যে চলতি মৌসুমে শেষ দল হিসেবে। কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে স্বস্তি ফিরেছে উত্তর লন্ডনের ক্লাবটিতে। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। দীর্ঘদিন পর শুরুর একাদশে ফিরেই ম্যাচের ১৪ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন জেমস ম্যাডিসন। এরপর ৪৯ মিনিটে কভেন্ট্রিকে সমতা ফেরান জ্যাক রুদোনি। তবে ৫৮ মিনিটে উমর মারমাউশের দুর্দান্ত শটে আবার এগিয়ে যায় টটেনহ্যাম। যোগ করা সময়ে ডেভিসের গোল জয় নিশ্চিত করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








