
বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
খুলনার তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, গত সোমবার উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সাথে যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার সকালের দিকে উভয় পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে থানার সামনে জড়ো হন এবং একপর্যায়ে তারা একে অন্যের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্রও দেখা যায়। আকস্মিক এই সংঘর্ষের ফলে বাজারের ত্রাস সৃষ্টি হয় এবং আশপাশের সমস্ত দোকানপাট প্রায় দুই ঘণ্টা ধরে সম্পূর্ণ বন্ধ থাকে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচ থেকে সাতজন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তেরখাদা থানার ওসি আহমেদ আলী বিশ্বাস ও জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। খুলনা ব্যুরো।
মাছ ধরাকে কেন্দ্র করে হত্যা
নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নির্মম হামলায় সেলিম রেজা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকল মঙ্গলবার দুপুরের দিকে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা ওই এলাকার মো: নুর বক্সের ছেলে। জানা যায়, মাটিকাটা নদীতে রিং জাল পাতা নিয়ে সেলিমের সাথে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের মোস্তাকিমের বাগি¦তণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিমের মাথায় একটি শক্ত বস্তু দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে পোরশা উপজেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পোরশা থানার ওসি জিয়াউর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁ প্রতিনিধি।
সাভারে অটোচালককে হত্যার চেষ্টা
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় যাত্রীর বেশে অটোরিকশায় উঠে চালককে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ভিকটিম অটোরিকশাচালক নুরুজ্জামানকে গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছিল। গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে বলিয়ারপুর যাওয়ার নাম করে ওই তিন ছিনতাইকারী গাড়িতে ওঠে। পরে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছানোর পর চালকের গলায় ও হাত-পায়ে রশি পেঁচিয়ে তারা অটোটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে টহল পুলিশ দ্রুত এগিয়ে এসে তিনজনকে আটক করে। আটকরা হলো ফাসিদ, সিয়াম ও ওহিদুল ইসলাম। আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির আল হাসান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। সাভার (ঢাকা) সংবাদদাতা।
হামে আক্রান্ত ১১৮ রোগী ভর্তি
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি, যা কিছুটা স্বস্তি এনেছে। তবে উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরো ১১৮ জন রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৭ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জন ছাড়িয়েছে। এ পর্যন্ত হাম ও এর উপসর্গে বিভাগে মোট ১৯৬ জনের প্রাণহানির তথ্য রেকর্ড করা হয়েছে। এ দিকে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও নির্দেশনা পাঠানো হয়েছে। সিলেট ব্যুরো।
নেশার টাকা না পেয়ে অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে নিজের বসতঘরে আগুন লাগানোর গুরুতর অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, অভিযুক্ত আইবুর দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। ঘটনার দিন ভোরে তিনি নেশার জন্য তার বাবা আব্দুল আউয়ালের কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি বাবার ঘরে আগুন ধরিয়ে দেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের লেপ, তোষক ও খাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পুলিশ অভিযুক্ত আইবুরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক লিজা আক্তার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে লৌহজং থানাধীন মৌছা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি অনাবাদি বালুর মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।
বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় ছুরিকাঘাত
বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে প্রেম করে বিয়ের বিরোধের জেরে তুলসী বাগদী (৩৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্তায় ভর্তি। স্থানীয়রা জানায়, উপজেলার কুঠিবাড়ি গ্রামের তুলসীর সাথে একই এলাকার বাবু বাগদির গভীর বন্ধুত্ব ছিল। এই সুবাদে বাবুর বাড়িতে যাতায়াতের একপর্যায়ে তার স্ত্রী রতœার সাথে তুলসীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক বছর আগে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই ক্ষোভের জেরে গত সোমবার রাতে তুলসীকে একা পেয়ে বাবু ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। ধুনট (বগুড়া) সংবাদদাতা।
যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে এক যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আট কিশোরকে আটক করা হয়, যাদের পরে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। গত সোমবার মতলব উত্তর থানার পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতাররা হলেন ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো: মনির হোসেন এবং ব্র্যাক কর্মকর্তা মো: আলামিন সানা। মনির হোসেনকে নিয়মিত মামলায় এবং আলামিন সানাকে প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মতলব (চাঁদপুর) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








