
নেত্রকোনা প্রতিনিধি
আলোচিত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (২৮) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল আমিন ভূইয়া এই আদেশ দেন।
নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ সাবেক সেনা সদস্য এবং বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যার মাধ্যমে সীমান্তের চোরাচালান ও কালোবাজারি চক্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করায় তিনি ওই চক্রের রোষানলে পড়েন।
গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বিরিশিরি তেলুঞ্জিয়া বাজারের একটি মুদির দোকানে বসা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পরপর পাঁচ রাউন্ড গুলি করে আলিফকে হত্যা করে। পরদিন তার স্ত্রী আনন্দিতা বাদী হয়ে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ গত ১৭ অক্টোবর রাতে দুর্গাপুর পৌর বাজার থেকে অপূর্বকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ২০২৫ সালের ৯ জানুয়ারি দুর্গাপুরে এসআই শাফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগও রয়েছে এই আসামির বিরুদ্ধে। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








