বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল গৃহবধূর, পল্লী বিদ্যুতের অবহেলার অভিযোগ

 মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্গাপূজার উৎসবের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৮টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার দাস বাড়ির পলাশ দাসের স্ত্রী। খবর পেয়ে প্রায় ৩ ঘণ্টা পর মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা পুকুর থেকে লাশ উদ্ধার করে।
জানা গেছে, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের তার ছিঁড়ে যায়। এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরও তারা কোনো প্রদক্ষেপ গ্রহণ করেনি। সোমবার সকালে পুকুরে গোসল করতে গেলে ছিঁড়ে যাওয়া তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ প্রিয়াঙ্কা পুকুরে পড়ে যান। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, খবর পেয়ে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াহাব সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বুঝিয়ে দেয়া হয়। পরিবারের পক্ষ থেকে মামলা করবে না বলে জানান।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) আদনান আহমদ চৌধুরী বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে গত ২৪ ঘণ্টায় এমন অভিযোগ আমাদের অফিসে কেউ জানায়নি। তাহলে পল্লী বিদ্যুতের অবহেলা হলো কিভাবে?