
শরীয়তপুর প্রতিনিধি
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ সাত দফা দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। এ উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের নাওডোবা গোলচত্বরে ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি শরীয়তপুরে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমী সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সঙ্কীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।
সভায় জামায়াতের জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারি মাসউদুর রহমান, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক দাবির হোসেন শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আবদুর রব হাশেমী জানান, পথসভা সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








